গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে মাদকের আসামি ধরতে গিয়ে নিজের হেফাজতে থাকা ১ রাউন্ড গুলিসহ সরকারি পিস্তল হারিয়ে ফেলেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পারভেজ মল্লিক। গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দায়িত্ব পালনকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। খোয়া যাওয়া এই মারণাস্ত্রটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন উনিশে টাওয়ারের উত্তর পাশে ‘হোন্ডা মোবাইল-২’ দলের সঙ্গে নিয়মিত ডিউটিতে ছিলেন এএসআই পারভেজ মল্লিক। ওই সময় মদসহ দুই মাদক কারবারিকে আটক করার পর পুলিশের গাড়িতে তোলার মুহূর্তে আসামিদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ঘটনা বর্ণনা করে এএসআই পারভেজ মল্লিক জানান, ধস্তাধস্তির সময়ও অস্ত্রটি তাঁর সাথে ছিল। কিন্তু আটককৃতদের থানায় নিয়ে আসার পর তিনি দেখতে পান তাঁর সঙ্গে থাকা পিস্তলটি নেই। তবে ঠিক কোন মুহূর্তে বা কীভাবে পিস্তলটি পড়ে বা খোয়া গেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত হতে পারেননি।
ঘটনার পর পুলিশ বাদী হয়ে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। তবে সরকারি পিস্তল ও গুলি হারানোর ঘটনায় বাসন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে অস্ত্রটি উদ্ধারে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে। সাধারণ জনগণের মধ্যে কেউ যদি এই অস্ত্র ও গুলির সন্ধান দিতে পারেন অথবা উদ্ধারে পুলিশকে সহায়তা করেন, তাঁকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হবে।

