বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত একটি কলাবোঝাই পিকআপ ভ্যানের টায়ারে অগ্নিসংযোগের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (০৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সংঘটিত এই আকস্মিক নাশকতায় এলাকায় স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। চালকের দাবি, হামলাকারীরা রাজনৈতিক স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মানিকতলা এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলে করে আসা চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় যুবক গাড়িটির গতিরোধ করে। এরপর তারা পিকআপের একটি পেছনের টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে দ্রুত সটকে পড়ে।
ঘটনার বিবরণ দিয়ে পিকআপ চালক জানান, আকস্মিক এ হামলায় তিনি হতভম্ব হয়ে পড়েন। দুর্বৃত্তরা গাড়ি থামিয়ে অতর্কিত টায়ারে আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ায় তিনি মুহূর্তেই ঘাবড়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও সৌভাগ্যবশত পুরো গাড়িতে আগুন ছড়িয়ে বড় কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি আরও জানান, এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

