বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর ব্যস্ততম এলাকায় ছোঁ মেরে মোবাইল ফোন ছিনতাইয়ের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। গাড়ি লকড না থাকা ও জানালার কাচ নামানো থাকার সুযোগ নিয়ে এক ছিনতাইকারী নিমেষের মধ্যেই তাঁর মোবাইলটি ছোঁ মেরে নিয়ে চম্পট দেয়।
ঘটনাটি ঘটে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে, ধানমন্ডির শুক্রাবাদ ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসের সংলগ্ন এলাকায়।
গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসিফ নজরুল ধানমন্ডি-২৭ নম্বর সড়ক থেকে মিরপুর রোড হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। তীব্র যানজট ও অসহনীয় গরমের কারণে তিনি নিজের ব্যক্তিগত গাড়ির জানালার কাচ নামিয়ে ভেতর বসে মোবাইলে মেসেজ দেখছিলেন। নীল রঙের টি-শার্ট পরিহিত এক তরুণ ওত পেতে থেকে অত্যন্ত দ্রুততার সাথে তাঁর হাত থেকে মোবাইলটি টেনে নিয়ে জনাকীর্ণ রাস্তা দিয়ে পালিয়ে যায়। আসিফ নজরুল তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করার চেষ্টা করলেও ভিড়ের মধ্যে তাকে ধরা সম্ভব হয়নি।
ঘটনার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক আসিফ নজরুল।
পোস্টে তিনি লেখেন “আমার গাড়ির জানালা খোলা ছিল। মাত্র এক সেকেন্ডের মধ্যে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটি ছেলে। এটি আজ সন্ধ্যার ঘটনা। ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে এর মধ্যে যদি কেউ আমার ফোন নম্বর কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো বার্তা পাঠায়, টাকা দাবি করে বা সন্দেহজনক কিছু লেখে, তবে তা পুরোপুরি এড়িয়ে চলার অনুরোধ করছি।”
খবর পেয়ে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে শুরু করেছেন। শেরেবাংলা নগর থানা ও ধানমন্ডি থানা পুলিশ এলাকাটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীকে শনাক্ত এবং ফোনটি উদ্ধারে অভিযান চালাচ্ছ।
রাজধানীতে সাম্প্রতিক সময়ে যানজটভিত্তিক ‘উইন্ডো-স্ল্যাচিং’ বা জানালার ফাঁক গলে মোবাইল টান দেওয়ার ঘটনা বাড়তে থাকায় সাধারণ নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

