
ফেনী প্রতিনিধিঃ ফেনীর দাগনভূঞা পৌর শহরে আধিপত্য বিস্তার ও নিজেদের শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পৌর শহরের ইসহাক শপিং কমপ্লেক্স ও এফটিসি মার্কেটের সামনে দুই দফায় চলা এই রণক্ষেত্রে রূপ নেওয়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংঘর্ষে জড়ানো এক পক্ষের নেতৃত্বে রয়েছেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং অপর পক্ষের নেপথ্যে রয়েছেন জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিক।
বিবাদের সূত্রপাত হয় গত রোববার (৮ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে। ওই দিন সরকারি আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফটক, নিউ সুলতান মার্কেট ও জিরোপয়েন্ট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যা দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল থেকে উভয় পক্ষের নেতাকর্মীরা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও মার্কেটের সামনে অবস্থান নেন। ফটিকের অনুসারীরা শহরের গণশৌচাগারের পাশে শামিয়ানা টানিয়ে সাময়িক অবস্থান নিলে আকবরের কয়েকজন সমর্থক সেখান দিয়ে যাওয়ার সময় বাকবিতণ্ডা ও কটাক্ষের সূচনা হয়। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের আরও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে জড়ো হলে পুরোদমে সংঘর্ষ শুরু হয়।
প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই তীব্র সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে তাৎক্ষণিকভাবে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহতদের মধ্যে ফটিকের অনুসারী ও তাঁর মেজো ভাই মোস্তাফিজুর রহমান পলাশসহ যুবদলের ইসমাঈল, মো. ইব্রাহিম, তোফায়েল, কামরুল হাসান, সাইদুল ইসলাম, রিয়াদ, এমদাদুল হক শামীম ও আরিফুল ইসলাম রিপন রয়েছেন।
অন্যদিকে আকবরের সমর্থক হিসেবে পরিচিত ছাত্র ও যুবদল নেতাকর্মী ইমাম হোসেন মিল্টন, সোহেল রানা, জুয়েল, ইউসুফ হোসেন, তসলিম, আফরান মাসুদ, আরমান, আজাদ, নিয়ন, মামুন ও সারোয়ার আহত হন।
আহত ছাত্রদল নেতা ইমাম হোসেন মিল্টনের মাথায় ও শরীরে মারাত্মক জখম থাকায় তাঁর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেলের কারণে দাগনভূঞা পৌর শহরের ইসহাক শপিং কমপ্লেক্স ও এফটিসি মার্কেট সংলগ্ন ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। সংঘর্ষের কারণে ব্যস্ততম ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সংঘর্ষের বিষয়ে জেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা জামশেদুর রহমান ফটিক অভিযোগ করেন, “বিনা উসকানিতে আকবরের অনুসারীরা আমাদের অবস্থানস্থলে হামলা চালিয়েছে। আমার কর্মী-সমর্থকরা কেবল নিজেদের আত্মরক্ষা ও প্রতিহত করেছে।”
অন্যদিকে উপজেলা ছাত্রদলের সভাপতি সাইমুন হক রাজিব পাল্টা অভিযোগ তুলে বলেন, “পৌর শহরে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ফটিকের সন্ত্রাসী অনুসারীরা পরিকল্পিতভাবে রাজপথে থাকা আমাদের ছাত্র ও যুবদলের নেতাকর্মীদের ওপর এই অতর্কিত হামলা চালিয়েছে।”
খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস ও কৌশলগত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
দাগনভূঞায় বিএনপির অভ্যন্তরীণ এই বিরোধ নতুন নয়। গত ৩ সেপ্টেম্বরও দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ৪৫ জন আহত হয়েছিলেন। তার আগে ২০২৪ সালের ৫ আগস্টেও দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হন, যা নিয়ে পৃথক দুটি মামলা বর্তমানে আদালতে বিচারধীন। আওয়ামী লীগ সরকারের আমল থেকেই সুপ্ত থাকা এই বিরোধ ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে প্রকাশ্যে রূপ নেয় এবং বর্তমানে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নিচ্ছে।
