কুষ্টিয়া প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে এই আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। অগ্নিকাণ্ডে বাড়িটির পাঁচটি কক্ষ ও দুটি গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তার পরিবারের সদস্যরা।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এই নাশকতা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ভেড়ামারা ও দৌলতপুর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং ঘরে থাকা আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। এছাড়া আগুনে পুড়ে দুটি ছাগল মারা গেছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ঢাকায় অবস্থান করছিলেন। তবে বাগোয়ান গ্রামের ওই বাড়ির মূল টিনশেড অংশ থেকে মাত্র ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় তার মা-বাবা বসবাস করেন। আগুন ওই ভবনে ছড়িয়ে না পড়ায় সংসদ সদস্যের পরিবারের কোনো সদস্য হতাহত বা দগ্ধ হননি।
এই অগ্নিকাণ্ডকে একটি পরিকল্পিত নাশকতা ও হত্যাচেষ্টা হিসেবে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘটনার পরপরই এনসিপির অফিশিয়াল মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়, ‘আওয়ামী সন্ত্রাসীরা রাতের আঁধারে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে।’
একই অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ তাৎক্ষণিকভাবে চূড়ান্ত কোনো মন্তব্য করেনি। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল আলামত সংগ্রহ করছে। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে।’
ঘটনার পর থেকে বাগোয়ান গ্রাম ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

