বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক সচল ও ৯ কারখানায় ছুটি ঘোষণা

0
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক সচল ও ৯ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধিঃ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালের এই বিক্ষোভে মহাসড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে বেলা ১১টার দিকে যান চলাচল শুরু হয়। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে মৌচাক ও আশপাশের এলাকার ৮ থেকে ৯টি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো কর্মস্থলে প্রবেশ করেন। তবে কাজে যোগ না দিয়ে তারা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।

শ্রমিকদের অবরোধের কারণে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর অন্যতম প্রধান এই সংযোগ সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মুহূর্তেই মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তারা প্রথমে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকরা অবরোধ প্রত্যাহার না করে বিক্ষোভ চালিয়ে যেতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং ধাওয়া দিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় অবরোধের কারণে যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল, তার রেশ এখনো কাটেনি। ফলে মহাসড়কে যানবাহনগুলো বর্তমানে ধীরগতিতে চলাচল করছে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে মৌচাক এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে সড়ক সচল করা হয়েছে। এছাড়া একই সময়ে জেলার পল্লী বিদ্যুৎ ও জরুন এলাকাতেও শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেছিলেন, তবে পুলিশের হস্তক্ষেপে ও বুঝিয়ে বলার পর তারা শান্তিপূর্ণভাবে সরে যান।’

তিনি আরও জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে মৌচাক ও এর আশপাশের ৮ থেকে ৯টি পোশাক কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করেছে। বর্তমানে পুরো শিল্পাঞ্চল জুড়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।