বাংলাদেশ প্রতিবেদক: দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর বা নাশকতাত্মক পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে মোট ৩৪ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিল্পাঞ্চলগুলোর স্পর্শকাতর ও কৌশলগত পয়েন্টগুলোতে বিজিবি সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছে—
ঢাকা জেলা: সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকা।
নারায়ণগঞ্জ জেলা: শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকা।
গাজীপুর জেলা: চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।
মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং সুচারুভাবে সমন্বয় করার জন্য বিজিবি সদরদপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল খোলা হয়েছে। এই সেলের মাধ্যমে সম্পূর্ণ প্রযুক্তিনর্ভর উপায়ে আধুনিক নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে ড্রোনের মাধ্যমে আকাশপথের নজরদারি, বিজিবি সদস্যদের ব্যবহৃত বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ সরাসরি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

