চেয়ারম্যানের আশ্বাসে ৫ ঘণ্টা পর সচল শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল

0
চেয়ারম্যানের আশ্বাসে ৫ ঘণ্টা পর সচল শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল

শরীয়তপুর প্রতিনিধি: ফেরি ‘কাকলী’র প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করেছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীরা। বিআইডব্লিউটিসি চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে গুরুত্বপূর্ণ শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়। এর আগে ভোর থেকে ফেরি বন্ধ থাকায় ঘাটের দুই প্রান্তে প্রায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের অদূরে ফেরি ‘কাকলী’র সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ধাক্কায় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দিলে তরিকুল ইসলাম (১০) নামের এক মাদ্রাসাছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়।

এ দুর্ঘটনার পর চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মাস্টার মোশাররফ হোসেনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে—এমন অভিযোগ তুলে তার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। তারা ঘোষণা দেন, মাস্টারকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা কোনো ফেরি পরিচালনা করবেন না।

হঠাৎ করে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শনিবার সকাল থেকেই শরীয়তপুর ও চাঁদপুর প্রান্তের ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ প্রায় দেড় শতাধিক যানবাহন। দীর্ঘ সময় রোদ-গরমে আটকে থেকে যাত্রী, চালক ও কাঁচামাল ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

পরিস্থিতি নিরসনে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জরুরি আলোচনায় বসে। এ বিষয়ে বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশন (বিমা) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুর রব বলেন, “আমাদের চেয়ারম্যান মহোদয় আশ্বাস দিয়েছেন যে, আজকের মধ্যেই তিনি আমাদের গ্রেপ্তারকৃত মাস্টারকে আমাদের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। তাঁর এই আশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমরা আপাতত আজকের জন্য কর্মবিরতি প্রত্যাহার করেছি। তবে আজকের মধ্যে তাঁকে মুক্তি দেওয়া না হলে আগামীকাল রোববার থেকে সারা দেশে একযোগে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।”

ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, “বিআইডব্লিউটিসি চেয়ারম্যানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পরিপ্রেক্ষিতে মাস্টার অ্যাসোসিয়েশন তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। বেলা ১১টা থেকে ফেরি চলাচল পুরোদমে চালু করা হয়েছে এবং ঘাটে আটকে থাকা যানবাহনগুলো পর্যায়ক্রমে পারাপার করা হচ্ছে।”