ইতালির শ্রমবাজারে বিশাল সুযোগ: ১ লাখ ৬৫ হাজারের বেশি বিদেশি কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদের জন্যও রয়েছে সম্ভাবনা

0
ইতালির শ্রমবাজারে বিশাল সুযোগ: ১ লাখ ৬৫ হাজারের বেশি বিদেশি কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদের জন্যও রয়েছে সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় গন্তব্য দেশ ইতালিতে কাজের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশিসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য। দেশটির ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে ২০২৭ সালের জন্য বড় ঘোষণা দিয়েছে ইতালি সরকার। এই বছরের জন্য বিভিন্ন খাতে মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগের বিশাল কোটা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে কৃষি, পর্যটন, গৃহস্থালি ও বিভিন্ন সেবা খাতে এই বিপুলসংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের এক যৌথ নির্দেশনায় এই কোটা চূড়ান্ত করা হয়েছে।

ইতালি সরকারের সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, এবারের ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জনের মোট কোটাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। অমৌসুমি কর্মী: ৭৬ হাজার ২০০ জন (এর মধ্যে ১৪ হাজার জন শুধুমাত্র পারিবারিক পরিচর্যা বা কেয়ারগিভার খাতে বরাদ্দ)। মৌসুমি কর্মী: ৮৯ হাজার জন। স্বনির্ভর পেশা: ৬৫০ জন।

ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী প্রবেশের আবেদনের প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। গত ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রাথমিক তথ্য পূরণের কাজ চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা সরাসরি ব্যক্তিগতভাবে আবেদন করতে পারবেন না; বরং ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল ব্যবহার করে মূল আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে দেশটির বৈধ নিয়োগকর্তাদের (Employer)। অর্থাৎ, ইতালির কোনো বৈধ নিয়োগকর্তা যখন কোনো বিদেশি কর্মীকে চাকরির প্রস্তাব বা কাজের চুক্তিনামা, পাসপোর্টের কপি ও অন্যান্য নথিপত্রসহ আবেদন করবেন, তখনই কেবল তা প্রক্রিয়াকরণ করা হবে।

কর্মী নিয়োগের পাশাপাশি বিদেশি কর্মীদের কর্মদক্ষতা ও মান বাড়াতে বিশেষ প্রশিক্ষণ প্রকল্পের ব্যবস্থা করেছে ইতালি। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণের যাবতীয় খরচ বহন করবে সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে প্রশিক্ষণার্থীদের এ জন্য কোনো আর্থিক খরচ বহন করতে হবে না।

ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতাধীন এই প্রশিক্ষণগুলো সম্পূর্ণভাবে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট চাহিদার ওপর ভিত্তি করে পরিচালিত হবে। প্রথমে ইতালির কোম্পানিগুলো তাদের জনবল চাহিদা জানাবে, এরপর সেই চাহিদা অনুযায়ী কর্মী নির্বাচন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

ইতালিতে কর্মী যাওয়ার এই সুযোগকে কেন্দ্র করে কোনো প্রতারক চক্র যেন সাধারণ মানুষকে ঠকাতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাফ জানিয়ে দিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা থার্ড-পার্টি এজেন্সির মাধ্যমে অর্থ লেনদেনের বিন্দুমাত্র সুযোগ নেই। যদি কেউ ভিসা নিশ্চিত করা বা তদবিরের নামে মধ্যস্থতার জন্য আর্থিক লেনদেন করেন, তবে তাকে কোনোভাবেই ভিসা দেওয়া হবে না।

যারা ইতালি যেতে ইচ্ছুক, তারা যেন কোনো দালালের চক্রে না জড়িয়ে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ALI পোর্টাল এবং সংশ্লিষ্ট সরকারি ও কূটনৈতিক নির্দেশনাগুলো নিবিড়ভাবে অনুসরণ করেন। মনে রাখতে হবে, কেবল কোটা থাকলেই স্বয়ংক্রিয়ভাবে ভিসা পাওয়া যাবে না; বৈধ নিয়োগকর্তার মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করাই এর একমাত্র পথ।