ভোলায় আরও একটি নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট উত্তোলনের সম্ভাবনা

0
ভোলায় আরও একটি নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট উত্তোলনের সম্ভাবনা

ভোলা প্রতিনিধিঃ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বড় ধরনের আশার আলো দেখাল দ্বীপজেলা ভোলা। সেখানে নতুন আরও একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ‘ভোলা নর্থ-৩’ নামের এই অনুসন্ধান কূপটি থেকে দৈনিক প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির আনুষ্ঠানিক ‘ড্রিল স্টেম টেস্ট’ (ডিএসটি) বা উৎপাদন সক্ষমতা যাচাই পরীক্ষা শুরু হয়েছে।

বাপেক্সের কারিগরি ও প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বাপেক্সের নিজস্ব বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের সরাসরি তত্ত্বাবধানে ‘ভোলা নর্থ-৩’ কূপে পরীক্ষামূলক এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গ্যাসের স্তর শনাক্ত করতে কূপটি ভূগর্ভের ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার (১৪ নভেম্বর) কূপটির ‘পারফোরেশন’ (ভূগর্ভস্থ স্তর ছিদ্র করে গ্যাস প্রবাহের পথ তৈরি) কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। বাপেক্স কর্মকর্তারা জানান, আজ সকালে মূল ড্রিল স্টেম টেস্ট শুরুর আগে কূপের ‘টেস্ট স্ট্রিং’ এবং ‘সারফেস ফ্লোলাইনের’ চাপ পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক হওয়ায় পরবর্তী ধাপ হিসেবে গ্যাস প্রবাহের পরীক্ষা শুরু করা হয়েছে।

প্রাথমিক পর্যবেক্ষণ ও ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, নতুন এই কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে বা স্থানীয় শিল্পখাতে যুক্ত করার মতো সক্ষমতা রয়েছে। তবে বাপেক্স জানিয়েছে, চলমান ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) পুরোপুরি সম্পন্ন হওয়ার পরই এই কূপে গ্যাসের প্রকৃত মজুতের পরিমাণ এবং বাণিজ্যিক উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত ও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হবে।

নতুন আবিষ্কৃত ‘ভোলা নর্থ-৩’ কূপটি দ্বীপজেলা ভোলার দশম গ্যাসকূপ। এ নিয়ে জেলাটির তিনটি পৃথক গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়াল ১০টিতে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, দেশে চলমান গ্যাস সংকটের এই সময়ে ভোলায় নতুন গ্যাসকূপের এই সাফল্য অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক। নতুন এই কূপের সম্ভাবনা পুরোপুরি বাস্তবে রূপ নিলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি জাতীয় জ্বালানি নিরাপত্তায় ভোলার গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পাবে।