ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া: মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

0
ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া: মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

সাভার প্রতিনিধিঃ ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক শিল্পাঞ্চল। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকেই সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার খেজুরবাগান এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। এতে ব্যস্ততম এই মহাসড়কের উভয় পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে জড়ো হন। তাঁরা সড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে যান চলাচল অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন আঞ্চলিক সড়ক ও অলিগলিতে অবস্থান নেন এবং বিভিন্ন স্থানে থেমে থেমে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, সকাল সাড়ে আটটার পর আশুলিয়ার খেজুরবাগান এলাকাতেও শ্রমিকেরা জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। সেখানেও পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর বেলা ১১টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় একেএইচসহ একাধিক পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানান, হেমায়েতপুরের প্রায় সব পোশাক কারখানার শ্রমিকেরা আজ কাজে যোগ না দিয়ে আন্দোলনে নেমেছেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথভাবে কাজ করছেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে এবং দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দ্রুত যানজট নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে শিল্প পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চলমান শ্রমিক অসন্তোষের জেরে আজ শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় (‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে) আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ এবং আরও বেশ কয়েকটি কারখানার ভেতরে শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

এ বিষয়ে জানতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুরো শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।