জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্নিচার ও একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকান দুটিতে থাকা আসবাবপত্র ও মালামালসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের ধারণা, প্রাথমিক ক্ষয়ক্ষতি কয়েক লাখ টাকা ছাড়িয়ে যাবে। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাঁচবিবি পাঁচমাথা পৌরপার্কের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌরপার্কের সামনে সাইদুর রহমানের ফার্নিচারের দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের বাবু নামের এক ব্যক্তির মুদি দোকানে ছড়িয়ে পড়ে। ওই মুদি দোকানে থাকা বেশ কয়েকটি এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকান দুটির অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. রকি হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকান দুটির ভেতরে থাকা সব মালামাল পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরীফুল জানান, এই ঘটনায় অগ্নিকাণ্ডের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তদন্ত সাপেক্ষে বিষয়টি জানা যাবে। এছাড়া প্রাথমিক ধারণা অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ থেকে ৯ লক্ষাধিক টাকা হতে পারে।

