ভাঙ্গায় মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ ও ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত, চার মোটরসাইকেলে অগ্নিসংযোগ 

0
ভাঙ্গায় মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ ও ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত, চার মোটরসাইকেলে অগ্নিসংযোগ 

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের অতর্কিত হামলা ও ককটেল বিস্ফোরণে রাজু মোল্যা (৪০) নামে স্থানীয় এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় বিক্ষুব্ধরা চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুর এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

নিহত রাজু মোল্যা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া গ্রামের আকতার মোল্যার ছেলে। দলীয় সূত্রে জানা গেছে, তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একদল নেতা-কর্মী ও সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মাধবপুর এলাকায় মহাসড়কের ওপর অবস্থান নেন। তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে রাত ৮টার দিকে ১০ থেকে ১২টি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে ছুটে যান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শী ও মোটরসাইকেল বহরে থাকা একাধিক বিএনপি নেতা অভিযোগ করেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা আওয়ামী লীগের কর্মীরা তাঁদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা গুলিবর্ষণ করেন এবং পরপর বেশ কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটান।

ককটেলের স্প্রিন্টার ও বিস্ফোরণে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কৃষক দল নেতা রাজু মোল্যা। হামলাকারীরা এ সময় বিএনপির নেতা-কর্মীদের ব্যবহৃত চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলে সেগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়। পাশাপাশি পার্শ্ববর্তী একটি স্থানীয় বিএনপি কার্যালয়েও হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাজু মোল্যাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজু মোল্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তানজীরুল ইসলাম মামুন জানান, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে বা কিসের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।’

ঘটনার সত্যতা স্বীকার করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, ‘হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’

এদিকে, এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো ভাঙ্গা উপজেলা ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।