মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, নিঃস্ব শতাধিক পরিবার

0
মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, নিঃস্ব শতাধিক পরিবার

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই আগুনে বস্তির শতাধিক পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে, ফলে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন অসংখ্য মানুষ।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার সংবাদ পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান অভিযানের বিস্তারিত তুলে ধরে বলেন, সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা ও ঘনবসতিপূর্ণ এলাকার ঝুঁকি বিবেচনায় পর্যায়ক্রমে আরও ইউনিট বাড়ানো হয়। মোট আটটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে ছড়ানোর কোনো আশঙ্কা নেই। তবে বস্তির ঘনবসতি ও দাহ্য পদার্থের কারণে পুরোপুরি নির্বাপণ ও ড্যাম্পিংয়ের (আগুনের উৎস পুরোপুরি ঠান্ডা করা) কাজ শেষ করতে সারাদিন সময় লাগতে পারে।

বস্তিবাসীর দাবি অনুযায়ী, আকস্মিক এই আগুনে শতাধিক নিম্ন-আয়ের পরিবার তাদের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। অনেকেই পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেননি।

হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন পুরোপুরি নেভানোর পর ধ্বংসস্তূপে তল্লাশি চালানো হবে; এরপরই হতাহতের বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডের সঠিক উৎস এবং আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং কমিটির প্রতিবেদনের পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চিত্র জানা যাবে।

মহাখালীর এই সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। এর আগেও ২০১২, ২০১৫, ২০১৬, ২০২০, ২০২১ এবং সর্বশেষ ২০২৫ সালে এই বস্তিতে একাধিকবার ভয়াবহ আগুন লেগে বহু ঘরবাড়ি ভস্মীভূত হয়েছিল। বারবার এমন দুর্ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও মানবেতর জীবনযাপনের মুখে পড়ছেন বস্তির বাসিন্দারা।