
বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে অতর্কিত হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শতাধিক নারী-পুরুষের একটি দল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এই তাণ্ডব চালায়। এতে কার্যালয়ের অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন। একই সময়ে পাশের কাফরুল ও মিরপুর-১৪ এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে মিরপুর-১৩ নম্বরে অবস্থিত কার্যালয়টিতে হামলা চালায়।
হামলাকারীরা মূল ভবনে প্রবেশের চেষ্টা করলেও ভেতর থেকে কাচের দরজা আটকে দেওয়ায় তারা ঢুকতে পারেনি। তবে বাইরে থেকে ভবনের সামনের কাচের দেয়াল, লিফটের চারপাশের ঘেরাও অংশ এবং ভবনে টাঙানো প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের ছবি ভাঙচুর করা হয়।
হামলায় কার্যালয়ের ভেতরে থাকা দুই থেকে তিনজন আহত হন। ঘটনার পরপরই ভবনটির প্রধান প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বর্তমানে সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।
কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, সম্ভাব্য হামলার বিষয়ে গত এক সপ্তাহ ধরেই তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। এ কারণে প্রশাসক ও সদস্যসচিবের নির্দেশনায় নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন।
তিনি অভিযোগ করে বলেন, “সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী এসে আমাদের ওপর ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমরা সরে যেতে বাধ্য হই। পুলিশকে খবর দেওয়া হলেও তারা বেশ দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়।”
মামুন পাটোয়ারীর দাবি, আশপাশের অন্য স্থাপনার চেয়ে তাদের কার্যালয়েই সবচেয়ে বেশি ভাঙচুর চালানো হয়েছে, যা প্রমাণ করে হামলাটি সরাসরি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করেই করা হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে চালানো উচ্ছেদ অভিযানের জের ধরেই এই হামলা হতে পারে বলে তিনি ধারণা করছেন।
অন্যদিকে, ঠিক একই সময়ে (সকাল ৮টা ৫৫ মিনিট) রাজধানীর কাফরুল ও মিরপুর-১৪ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মিরপুর-১৪ নম্বরের লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার (যেখানে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন) শ্রমিকরা সকালে রাস্তায় নেমে পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন বন্ধ করে শ্রমিকদের বের করে আনেন।
এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
উভয় ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, সকালে বেশ কিছু পোশাকশ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছিলেন এবং সেখান থেকেই হয়তো দু-একটি ইটপাটকেল ছোড়া হতে পারে।
তিনি আরও বলেন, পুলিশ ধাওয়া দিলে শ্রমিকরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন; পরবর্তীতে সেখান থেকেও তাদের সরিয়ে দিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
