সিভিল জজ শেখ ফারহান নাদীম বরিশালে নিখোঁজ: মোবাইল বন্ধ, শেষ দেখা মিলেছিল বাংলাবাজারে

0
সিভিল জজ শেখ ফারহান নাদীম বরিশালে নিখোঁজ: মোবাইল বন্ধ, শেষ দেখা মিলেছিল বাংলাবাজারে

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) অফিস শেষে বাসায় না ফেরায় এবং বুধবার (১৮ নভেম্বর) আদালতেও অনুপস্থিত থাকায় বিচারক মহলে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ও আদালতের নির্দেশে বর্তমানে তাঁর সন্ধান বা খোঁজ নেওয়ার কাজ চলছে।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হাসান ও প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায় শেখ ফারহান নাদীম মঙ্গলবার নিয়মিত অফিস করেছেন। অফিস শেষ করে তিনি নির্ধারিত সময়ে বাসায় ফেরেননি এবং বুধবারও আদালতে উপস্থিত হননি। পরিবারের পক্ষ থেকে বিষয়টি আদালত কর্তৃপক্ষকে জানানোর পর থেকেই তাঁর খোঁজ নেওয়া শুরু হয় এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিচারকের নিখোঁজ হওয়ার পেছনে কিছু তথ্য সামনে এসেছে। মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর সদর রোডের ফাতেমা সেন্টার এলাকায় তাঁর উপস্থিতির তথ্য পাওয়া গেছে। এরপর থেকেই তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

পুলিশের ওই সূত্র আরও জানায়, বিকেল ৫টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় মাস্ক পরা অবস্থায় তাঁকে একটি রিকশায় করে যেতে দেখা গেছে।

ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করলেও মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীমের নিখোঁজের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, বিষয়টি তাদের জানা রয়েছে এবং এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তারাও বিচারকের দ্রুত সন্ধান ও বিষয়টি সুরাহায় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।