
বগুড়া প্রতিনিধিঃ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার উথলীতে বসেছে শতাব্দীর ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলা। দেড়শ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই মেলায় শীতের আমেজের সঙ্গে যুক্ত হয়েছে সুস্বাদু বড় বড় মাছ, টাটকা শাকসবজি এবং গ্রামীণ ঐতিহ্যের হরেক রকমের পসরা।
বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এক দিনের এই মেলাকে কেন্দ্র করে আশপাশের ২০ থেকে ২২টি গ্রামে বইছে উৎসবের আমেজ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় শ বছর আগে তৎকালীন জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে উথলীতে একটি তৌজি ও বাজার প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে অগ্রহায়ণের নবান্ন উৎসবকে কেন্দ্র করে সেই বাজারেই শুরু হয় এই মাছের মেলা। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া এই আয়োজন এখন এলাকার সর্ববৃহৎ লোকোৎসবে রূপ নিয়েছে।
এবারের মেলায় শতাধিক দোকানি রুই, কাতলা, চিতল, বোয়াল, সিলভার কার্প ও ব্রিগেডসহ বিভিন্ন দেশীয় ও চাষের মাছ নিয়ে পসরা সাজিয়েছেন। মেলায় ৫ কেজি থেকে শুরু করে ২০ কেজি ওজনের মাছ পর্যন্ত উঠেছে। ২০ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ বিক্রি হয়েছে ২৫ হাজার টাকায়। ১৫ কেজি ওজনের একটি রুই মাছ বিক্রি হয়েছে ১৭ হাজার ৫০০ টাকায়।
মাছ বিক্রেতা বিজয় দাস ও নয়ন মিয়া জানান, অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় মাছের সরবরাহ বেশ ভালো। বড় মাছের পাশাপাশি মাঝারি ও ছোট আকারের বিভিন্ন দামের মাছও পর্যাপ্ত পরিমাণে ওঠায় সাধারণ ক্রেতাদের নাগালে রয়েছে।
নবান্নের এই মেলার অন্যতম আকর্ষণ হলো ঐতিহ্য মেনে জামাইদের মাছ কেনা। অনেকে বড় সাইজের মাছ কিনে সরাসরি শ্বশুরবাড়িতে পাঠিয়ে থাকেন। এছাড়া কে কত বড় মাছ কিনলেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে এক ধরনের আনন্দের প্রতিযোগিতাও লক্ষ্য করা যায়।
পরিবারের ছোট সদস্যদের সঙ্গে নিয়ে দূরদূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় জমান এই মেলায়। ক্রেতা জাফর ইকবালসহ অনেকেই জানান, “নবান্ন মানেই আমাদের কাছে উথলীর এই মাছের মেলা। আত্মীয়-স্বজন ও পরিবারের সবাইকে নিয়ে মেলায় আসা এবং পছন্দের মাছ কেনা এক অন্যরকম আনন্দ দেয়।”
শুধু মাছ নয়, মেলাকে কেন্দ্র করে বসেছে গ্রামীণ ঐতিহ্যের মিষ্টান্ন, শিশুদের খেলনা এবং বগুড়ার বিখ্যাত দইয়ের দোকান। আত্মীয়-স্বজনের মিলনমেলায় পরিণত হওয়া এই মেলা চলে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত।
মেলায় মাছের পাশাপাশি বড় আকর্ষণ ছিল ক্ষেত থেকে সদ্য তোলা টাটকা শীতকালীন শাকসবজি। বর্তমানে নতুন আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৪০ থেকে ২৬০ টাকা দরে। গত বছর এই সময়ে নতুন আলু ৫০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এবার তার অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি ও শিমসহ নানা ধরনের সবজির বেচাকেনাও বেশ জমে উঠেছে।
হাজারো মানুষের সমাগম ও উৎসবমুখর এই মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানিয়েছেন, নবান্নের এই ঐতিহ্যবাহী মেলা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তায় মাঠে কাজ করছে।
