বিশেষ প্রতিবেদকঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। দেশে ও বিদেশে এই অপশক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনায় তা গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রায় ৩৮ মিনিটের ভাষণে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিগত সরকারের কর্মকাণ্ড, অর্থনীতি পুনরুদ্ধার এবং সার্বভৌমত্ব রক্ষায় সব গণতান্ত্রিক শক্তির বৃহত্তর ঐক্যের ওপর জোর দেন।
সংসদে দেওয়া বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, বর্তমান সরকার যখন সংসদীয় আলোচনার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনের চেষ্টা করছে, ঠিক তখনই ‘পতিত, পলাতক ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি’ দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চাই।”
সাম্প্রতিক বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে সংসদ নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামের ওপর চড়াও হওয়া, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন বাংলাদেশি নারী শিল্পীর ওপর হামলার ঘটনা দেশবাসী দেখেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নির্দেশনার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, দলটির পলাতক নেত্রী গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা রাজনীতিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিদেশে অবস্থানরত অভিযুক্তদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের প্রতিও কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে—তারা বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের বদলে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা স্মরণ করে তিনি বলেন, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা এবং চব্বিশের অভ্যুত্থান কারও বশ্যতা স্বীকারের জন্য ঘটেনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নিজেও একজন মুক্তিযোদ্ধা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে পুনরায় ‘তাঁবেদার রাষ্ট্রে’ পরিণত করার যেকোনো চক্রান্ত দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ রুখে দেবে।
পরিস্থিতি মোকাবিলায় সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে দলমত-নির্বিশেষে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঐতিহাসিক ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তিন দশক আগের একটি স্লোগান স্মরণ করিয়ে দিয়ে বলেন, “‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’—এই আওয়াজ আবার তুলতে হবে।”
বক্তব্যে বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান দাবি করেন, পূর্ববর্তী শাসনামলে দেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছিল, যা ফিরিয়ে আনতে বর্তমান সরকার দেশে ও বিদেশে সব ধরনের উদ্যোগ নিয়েছে।
সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার মতো কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া গত কয়েক মাসে প্রায় পাঁচ লাখ কর্মীকে বিদেশে পাঠানো হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে বন্ধ থাকা আরও ৪৬ থেকে ৪৭টি সরকারি কলকারখানা পুনরায় চালু করা হবে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় সরকার এখন পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে স্বাধীন সার্বভৌম সংসদ ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ কোনো তাঁবেদারি শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। এর আগে সমাপনী অধিবেশনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য দেন। উভয় নেতার বক্তব্য শেষে রাষ্ট্রপতির আদেশ পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

