ঐক্যে ফাটলের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদীরা, ‘বুক টান করে সোজা হয়ে দাঁড়ান, পুরো জাতি আপনাদের সঙ্গে থাকবেঃ শফিকুর রহমান

0
ঐক্যে ফাটলের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদীরা, ‘বুক টান করে সোজা হয়ে দাঁড়ান, পুরো জাতি আপনাদের সঙ্গে থাকবেঃ শফিকুর রহমান

বিশেষ প্রতিবেদকঃ ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মতে, নির্বাচনের আগে গণতন্ত্রকামী শক্তিগুলো এক কাতারে থাকলেও পরবর্তীতে নিজেদের ঐক্যে দুর্বলতা ও ফাটল তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সেই সুযোগ নিচ্ছে। একই সঙ্গে গণভোটের গণরায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়াকেও ফ্যাসিবাদীদের আস্ফালনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন। ভাষণে তিনি দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের বাজারদর, শিল্প খাতের অস্থিরতা, বিচারপ্রক্রিয়া, নদীর পানিবণ্টন এবং সংসদ সদস্যদের উন্নয়ন বরাদ্দে বৈষম্যসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সংসদের চরিত্র তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “এটি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী সংসদ। এটি মজলুমদের সংসদ, মজলুমের পক্ষের সংসদ; ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী সংসদ।” তিনি উল্লেখ করেন, দুটি নির্বাচনের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হলেও একটির বাস্তবায়ন হয়েছে এবং অন্যটির হয়নি।

শহীদ ও আহত যোদ্ধাদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে দ্রুত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, “আমাদের ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হয়েছে, ফাটল সৃষ্টি হয়েছে। আর সেই সুযোগই তারা নিচ্ছে। যত তাড়াতাড়ি জুলাই সনদ বাস্তবায়ন হবে, তত তাড়াতাড়ি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য ইনশা আল্লাহ ইস্পাতকঠিন হবে।” ঐক্য অটুট থাকলে নাশকতা ও অগ্নিসংযোগ মোকাবিলা করে জাতি তার প্রত্যাশার বন্দরে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশে আবারও আধিপত্যবাদের ‘কালো ছায়া’ অনুভূত হচ্ছে মন্তব্য করে সরকারকে মেরুদণ্ড সোজা রেখে শক্ত অবস্থান নেওয়ার অনুরোধ জানান জামায়াত আমির। তিনি বলেন, “আমি সরকারকে অনুরোধ করব, বুক টান করে, পায়ের নলা শক্ত করে, সোজা হয়ে আপনারা দাঁড়ালে পুরো জাতি আপনাদের সঙ্গে দাঁড়াবে।” এই প্রজন্ম বেঁচে থাকতে দেশে আর আধিপত্যবাদ ফিরে আসতে দেবে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সবার সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব ও উন্নয়ন সহযোগিতা চায়।

সাম্প্রতিক পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, আন্দোলনের আড়ালে একটি ‘তৃতীয় অপশক্তি’ দেশের অর্থনীতি ধ্বংসের চক্রান্ত করছে। তিনি প্রশ্ন রাখেন, “গার্মেন্টস শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধাই যদি আন্দোলনের মূল বিষয় হয়, তবে লেদার ও সিরামিক ফ্যাক্টরি কেন আক্রান্ত হচ্ছে? বিদ্যুৎ অফিসে কেন হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে?” এসব নাশকতার পেছনে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পাশাপাশি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাত্র ১২ হাজার টাকা বেতনে একজন শ্রমিকের পক্ষে ঘর ভাড়া দিয়ে সংসার চালানো অসম্ভব। এ ক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে স্বল্প ও মধ্যমেয়াদি কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।

বিগত সরকারের আমলের গুম, খুন ও নির্যাতনের বিচারপ্রক্রিয়া আরও দৃশ্যমান ও গতিশীল করার দাবি জানান শফিকুর রহমান। তবে বিচারের নামে কোনো নির্দোষ মানুষ যেন সামান্যতম অবিচারের শিকার না হন, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “আমরা চাই ন্যায়বিচার নিশ্চিত হোক। ন্যায়বিচার নিশ্চিত হলে সব খুনি তাদের ন্যায্য পাওনা শতভাগ পেয়ে যাবে।”

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাশকতা রোধে সরকারের নীতি-কৌশল আরও স্পষ্ট করার দাবি জানিয়ে তিনি বলেন, বিগত দিনগুলোতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সরকারের সুনির্দিষ্ট কর্মকৌশল পরিষ্কার হয়নি। কেবল ‘আগের চেয়ে পরিস্থিতি ভালো’—এমন গতানুগতিক বক্তব্যের বদলে জনগণের যন্ত্রণা লাঘবে দৃশ্যমান উন্নতির আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।