প্রবল ঘূর্নিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

0
প্রবল ঘূর্নিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কলাপাড়া প্রতিনিধি : প্রবল ঘূর্নিঝড় আকভানের প্রভাবে পটুয়াখালীতে গতকাল বুধবার রাত থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সঙ্গে বেড়েছে শীতের অনুভূতি। উপকূলের আকাশ এখনও ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। শীত এবং বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এদিকে কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।

আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানা গেছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “আকভান” উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি গত মধ্যরাতে পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৬০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১২৫ কিলোমিটার ও মোংলা সমুদ্রবন্দর থেকে ১০৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড়টি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশ্যা উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে পটুয়াখালী, নোয়াখালী, খুলনা, চট্রগ্রাম ও কক্সবাজারসহ দেশের ৯ নদী বন্দর সমূহকে ১ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সাগরে মাছ ধরার সকল জেলেদের সতর্কতার সহিত সাগরে মাছ ধরতে বলা হয়েছে।