বাংলাদেশ প্রতিবেদকঃ দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত চলছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরে আসতে চায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিগত সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, বিগত সময়ে ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্ট শাসকদের মূল চরিত্র। বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তিগুলো আবারও হত্যার রাজনীতি শুরু করেছে এবং দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে ‘পঞ্চম বাহিনী’ ভারত থেকে ইন্ধন দিচ্ছে বলেও তিনি দাবি করেন।
শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সুস্থ ও গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।
পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে তিনি বলেন, বিগত সময়ে পাঠ্যসূচিতে কেবল একটি নির্দিষ্ট দল ও তার নেতার ইতিহাসকেই এককভাবে স্থান দেওয়া হয়েছিল। অন্য জাতীয় নেতাদের অবদানকে ছোট করে দেখানো হয়েছিল এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করার অপচেষ্টা করা হয়েছিল। প্রকৃত ও সত্য ইতিহাস আড়াল করে শিক্ষার্থীদের সামনে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে ঢাকা কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

