কামাল সিদ্দিকী: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। নতুন এ রেলসেবার নাম দেওয়া হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। এর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে পাবনা জেলা সদরের সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হচ্ছে।
আজ বুধবার বিকেল ৩টায় পাবনা রেলওয়ে স্টেশনে নতুন ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। উদ্বোধনের পর বিকেল সাড়ে ৪টায় পাবনা স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
১২টি কোচ নিয়ে ট্রেন দুটি চলাচল করবে। যাত্রাপথে উভয় দিকেই দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি থাকবে।
রেলপথ মন্ত্রণালয় গত ৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের প্রস্তাব অনুমোদন করে। পরে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানিয়েছেন, উদ্বোধনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে।
সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর ফলে পাবনা থেকে ঢাকায় যাতায়াত আরও সহজ হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সরকারি-বেসরকারি কাজে রাজধানীতে যাতায়াতকারী মানুষের জন্য নতুন এ রেলসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সড়কপথের যানজট ও যাত্রার অনিশ্চয়তা এড়িয়ে তুলনামূলক স্বস্তিদায়ক যাতায়াতের সুযোগ তৈরি হবে।
পাবনার রেল যোগাযোগের ইতিহাস শত বছরেরও বেশি পুরোনো। ১৯১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ চালুর মধ্য দিয়ে এ অঞ্চলে রেল যোগাযোগের বিস্তার ঘটে। পরে ১৯৯৮ সালে যমুনা সেতু চালুর পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হয়। তবে দীর্ঘদিন ধরে পাবনা জেলা সদর সরাসরি আন্তঃনগর ট্রেন যোগাযোগের বাইরে ছিল। নতুন এ সেবা চালুর মাধ্যমে সেই সীমাবদ্ধতার অবসান ঘটছে।

