গোপালগঞ্জে তাণ্ডব: মুকসুদপুর থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়িসহ ১০ যানবাহন

0
গোপালগঞ্জে তাণ্ডব: মুকসুদপুর থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়িসহ ১০ যানবাহন

 গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় থানা চত্বরে থাকা পুলিশের গাড়ি ও জব্দ করে রাখা অন্যান্য যানবাহনসহ অন্তত ১০টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দলটির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে থানা ভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলমান সহিংসতা ও নিরাপত্তাজনিত কারণে গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই মুকসুদপুর থানা ভবন ছেড়ে নিরাপদ স্থানে সরে যান পুলিশ সদস্যরা। ফলে থানাটি কার্যত পুলিশশূন্য ছিল। আজ সকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলসহকারে থানা প্রাঙ্গণে প্রবেশ করেন এবং ব্যাপক ভাঙচুর চালান। একপর্যায়ে তারা থানা ভবন এবং প্রাঙ্গণে পার্ক করে রাখা পুলিশের টহল গাড়ি ও জব্দকৃত অন্তত ১০টি যানবাহনে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।

আগুন দেওয়ার আগে-পরে মুকসুদপুর ও আশপাশের এলাকায় আরও কয়েকটি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়ি এবং স্থানীয় একটি গ্রামীণ ব্যাংক শাখাতেও অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা। এর আগে গত মঙ্গলবার জেলার টুঙ্গিপাড়া থানাতেও একইভাবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বুধবার সন্ধ্যা থেকেই গোপালগঞ্জ জেলাজুড়ে চরম উত্তেজনা ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের চন্দ্র দিঘলিয়া, সদর ও মুকসুদপুরসহ একাধিক স্থানে বড় বড় গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে।

মহাসড়ক অবরোধের কারণে ঢাকার সঙ্গে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার সড়ক যোগাযোগ ও দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আজ সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বিজিবি ও যৌথ বাহিনীর টহল জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।