
আন্তর্জাতিক ডেস্ক: সাত বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে ঐতিহাসিক এক রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার জন্য সরাসরি দায়ী ঘোষণা করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত—আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে প্রায় তিন ঘণ্টা ধরে পঠিত এই চূড়ান্ত রায়ে আদালত জানিয়েছে, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে সমূলে ধ্বংস করার সুনির্দিষ্ট ‘উদ্দেশ্য’ নিয়েই নৃশংস সামরিক অভিযান চালিয়েছিল মিয়ানমার বাহিনী।
আইসিজের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের দায়ে অভিযুক্ত করা হলো। আদালতের ১৫ জন বিচারপতির মধ্যে ৯ জন গণহত্যার পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই ঐতিহাসিক রায় গৃহীত হয়।
আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া রায় পাঠকালে বলেন, ২০১৭ সালের তথাকথিত ‘শুদ্ধি অভিযানের’ আগে উত্তর রাখাইনে বসবাসরত প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল, যা জেনোসাইড কনভেনশন অনুযায়ী একটি জনগোষ্ঠীর ‘গুরুত্বপূর্ণ ও বিশাল অংশ’।
আদালতের পর্যবেক্ষণে উঠে আসা ভয়াবহ তথ্যগুলো হলো: মিয়ানমারের নিরাপত্তা বাহিনী অন্তত ১০ হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। পাশাপাশি নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা, গণধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে বসতি ধ্বংস করা হয়েছে।
প্রাণ বাঁচাতে যখন সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়ের জন্য পালিয়ে আসছিল, তখনও তাদের ওপর নির্বিচারে হামলা চালানো হয়।
বিচারক ইউজি ইওয়াসাওয়া উল্লেখ করেন, সামরিক বাহিনী সমন্বিতভাবে রোহিঙ্গাদের ‘সাব-হিউম্যান বা অমানুষ’ হিসেবে উপস্থাপন করে বিদ্বেষমূলক প্রচারণা চালিয়েছিল, যার সঙ্গে এই গণহত্যার সরাসরি যোগসূত্র রয়েছে।
১৯৪৮ সালের গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি সনদের বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে তিনটি সুনির্দিষ্ট ও বাধ্যতামূলক নির্দেশনা দিয়েছে আদালত তা হলো –
অভিযানে চরম ক্ষয়ক্ষতির শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী ও ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারিত হলেও, এ বিষয়ে আগামী দুই বছরের মধ্যে মিয়ানমারকে আদালতে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।
গণহত্যায় জড়িত সামরিক কমান্ডার ও সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত শুরু করে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে বা অন্যত্র আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ ভিটেমাটিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনের পরিবেশ তৈরি করতে হবে।
২০১৭ সালের আগস্টে রাখাইনে সামরিক অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে (বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা আশ্রিত রয়েছে)। এই নৃশংসতার বিচার চেয়ে ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে আইসিজেতে মামলাটি দায়ের করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে মিয়ানমার দাবি করে আসছিল যে, বিদ্রোহীদের হামলায় নিরাপত্তাকর্মী নিহত হওয়ার জবাবে তারা ‘বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান’ চালিয়েছে। গত জানুয়ারিতে চূড়ান্ত শুনানিতে মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইং দাবি করেছিলেন, সন্ত্রাসীদের অবাধ বিচরণের সুযোগ দিতে তারা বাধ্য ছিলেন না। তবে আদালত মিয়ানমারের সেই যুক্তি নাকচ করে দিয়েছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী আইসিজের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। তবে মিয়ানমার এই রায় বাস্তবায়নে গড়িমসি করলে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করতে পারবে।
সূত্র: বিবিসি বাংলা, দ্য গার্ডিয়ান ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
