রতন ঘোষঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়ন থেকে চার শতাধিক লগি-বৈঠা জব্দ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে প্রাণনাশ এবং থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে ওসির ছবি সংযুক্ত করে এই হুমকিমূলক স্ট্যাটাস দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পরপরই এলাকা ও প্রশাসনের ভেতরে ব্যাপক আলোচনা-সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামক ওই ফেসবুক পোস্টে ওসি মো. রফিকুল ইসলামের উদ্দেশে অশালীন ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়। পোস্টটিতে পুলিশের বিরুদ্ধে কোনো মামলা ছাড়াই আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের অভিযোগ তোলা হয়। পাশাপাশি সম্প্রতি ধুলদিয়া ইউনিয়ন থেকে জব্দ করা চার শতাধিক লগি-বৈঠাকে ‘নৌকার বৈঠা’ দাবি করে সেগুলোকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্ত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করা হয়।
হুমকিমূলক ওই ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়, “কটিয়াদীর বিভিন্ন এলাকায় নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো মামলা ছাড়াই অন্যায়ভাবে গ্রেফতার করছে। আজ ধুলদিয়ায় নৌকার বৈঠা উদ্ধার করে এটাকে অস্ত্র বানিয়ে দিয়েছে। এখনো সময় আছে কটিয়াদীর মানুষকে শান্তিতে বসবাস করতে দে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু তোকেসহ থানা জ্বালিয়ে দেব।”
একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে এমন হুমকি এবং একটি সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের হুমকির ঘটনায় স্থানীয় সচেতন মহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, “‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে আমাকে এবং কটিয়াদী মডেল থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পরপরই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হুমকিমূলক পোস্টটির প্রকৃত উৎস, আইডি পরিচালনাকারী ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয় শনাক্ত এবং এর পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনে নিবিড় তদন্ত চলছে। শনাক্ত হওয়ার পর জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

