ভারতে বসে শেখ হাসিনা এখন ‘নিজের দলের লাশের’ অপেক্ষা করছেন: সোহেল তাজ

0
ভারতে বসে শেখ হাসিনা এখন ‘নিজের দলের লাশের’ অপেক্ষা করছেন: সোহেল তাজ

আজকের ডেস্কঃ ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে নিজ দলের কর্মীদের ‘লাশের’ অপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই তীব্র সমালোচনা করেন।

ফেসবুক পোস্টে সোহেল তাজ শেখ হাসিনাকে ‘পলাতক স্বৈরাচার’ আখ্যা দিয়ে বিগত দেড় দশকের শাসনামলের নানা অনিয়মের অভিযোগ তোলেন। তিনি লিখেছেন, “সাবেক প্রধানমন্ত্রী তাঁর প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, নিপীড়ন, গুম ও খুন চালিয়েছেন। সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, গণতন্ত্রকে কবর দেওয়া, ব্যাপক লুটপাট এবং সর্বশেষ গণহত্যা চালিয়ে তিনি দেশটাকে ধ্বংস করেছেন।”

আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড ও কর্মসূচির সমালোচনা করে সোহেল তাজ তাঁর পোস্টে উল্লেখ করেন, “ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে (ভারতে) বসে দেশে ফেরার নামে তিনি আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করছেন। দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করার পেছনে তাঁর মূল উদ্দেশ্য হলো পরিস্থিতি ঘোলাটে করে দেশে ফিরে প্রতিশোধ নেওয়া।”

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সূত্র ধরে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, আন্দোলন জমিয়ে তোলার কৌশল হিসেবে তিনি নিজ দলের নেতাকর্মীদের প্রাণহানি চাইছেন। সোহেল তাজ লিখেছেন, “উনি সম্প্রতি বলেছেন যে ওনার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ—তিনি চান নিজের দলের লাশ। এজন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন।”

পোস্টের শেষাংশে শেখ হাসিনার মানসিকতার কঠোর সমালোচনা করে সোহেল তাজ মন্তব্য করেন, “এটাই হচ্ছে একজন ‘সাইকোপ্যাথ’ (psychopath)-এর চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।”

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র সোহেল তাজ ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও পরবর্তীতে মন্ত্রিসভা ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে দীর্ঘ সময় রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের মতামত তুলে ধরছেন তিনি। সোহেল তাজের এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।