রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবশেষে বিমানবন্দর থেকে গ্রেফতার

0
রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবশেষে বিমানবন্দর থেকে গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ আলম।

এর আগে বুধবার তিনি ঢাকা হযরত শাহ জালাল বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রার করতে সেখান উপস্থিত হলে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে রাতেই মোছাদ্দেক হোসেন বাবলুকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় আনা হয়।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু শারীরিকভাবে গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিলো। এদিকে পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ নেতা মোছাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক কোতয়ালী থানায় ৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি চার্জশীট হয়েছে ও বাকী দুটি তদন্তাধীন রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, বুধবার দেশত্যাগের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে পৌঁছালো ইমিগ্রেশন পুলিশ মোছাদ্দেক হোসেন বাবলুকে গ্রেফতার করে। পরে তাকে রংপুরে নিয়ে আসা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।