লালমনিরহাট প্রতিনিধি: দীর্ঘ ২২ বছর পর উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সফরে গিয়ে নৈরাজ্য সৃষ্টিকারী ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।’ দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম-খুন ও লুটপাটের রাজনীতিতে ফিরে যেতে চায় না বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাটে দিনব্যাপী সফরে গিয়ে তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় উপকারভোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে। যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশের প্রভুদের খুশি করতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে।”
ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার ও বাক্স্বাধীনতা কেড়ে নেওয়ার যেকোনো অপচেষ্টা রুখে দিতে গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। বিগত সরকারের অর্থপাচারের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশের দুস্থ ও অসহায় মানুষের হক নষ্ট করা হয়েছে।
প্রতিহিংসার বদলে জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান জানান, খাল খনন, শিল্প-কলকারখানা স্থাপন, কৃষি ও উৎপাদন বৃদ্ধি, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই তাঁর সরকারের মূল লক্ষ্য। লালমনিরহাটবাসীকে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে অভিহিত করে আগামী দিনেও সন্ত্রাসের বিরুদ্ধে তাঁদের অবিচল থাকার প্রত্যাশা করেন তিনি।
সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর জোর দিয়ে তিনি ঘোষণা দেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে। এসময় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন, একটি জলপাই গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
বিকেলে জেলা শহরের কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কেবল আইনের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব নয়; সামাজিক উদ্যোগ ও মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সমাজ বদলে দিতে পারে। তিনি ‘আলোকিত লালমনিরহাট’-এর ইতিবাচক কার্যক্রম দেশের বাকি ৬৩ জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক ও সংগঠনটির সভাপতি মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
দিনব্যাপী এসব কর্মসূচিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সফরে মধ্যাহ্নভোজে তিস্তা নদীর ঐতিহ্যবাহী বৈরালী মাছসহ উত্তরাঞ্চলের লোকজ খাবারে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হয়। সব কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

