বরিশাল প্রতিনিধিঃ দুই দিন ধরে নিখোঁজ থাকা বরিশালের সিভিল জজ শেখ ফারহান নাদিমকে অবশেষে পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সৈকত এলাকায় ঘোরাফেরা করার সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) একটি দল তাঁকে শনাক্ত করে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেখ ফারহান নাদিম বরিশাল আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত রয়েছেন। গত মঙ্গলবার বিকেলে দাপ্তরিক কার্যক্রম শেষ করে নিজ বাসার উদ্দেশ্যে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। কিন্তু রাত গড়িয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় এবং তাঁর মুঠোফোন বন্ধ থাকায় পরিবার ও সহকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে।
বিচারকের কোনো সন্ধান না পেয়ে পরদিন বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডির পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাঁকে উদ্ধারে মাঠে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করার চেষ্টা চালায়।
এদিকে, বিচারক নাদিম নিখোঁজ হওয়ার পর থেকেই বরিশাল আদালতপাড়ায় নানা গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রেমঘটিত জটিলতার জেরে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে গিয়ে থাকতে পারেন। ওই ছাত্রী এর আগে একাধিকবার আদালত প্রাঙ্গণে এসেছিলেন বলেও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। তবে উদ্ধার হওয়ার পর প্রকৃত কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) সুশান্ত সরকার গণমাধ্যমকে বলেন, “নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করা হয়েছে। তাঁকে নিরাপদে বরিশালে ফিরিয়ে আনতে মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল ইতোমধ্যে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি বরিশালে পৌঁছানোর পর জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।”
অন্যদিকে, কুয়াকাটার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার রাত ৮টার দিকে জানান, নিখোঁজ এক বিচারককে কুয়াকাটা সৈকত এলাকা থেকে উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আইনি ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছে।
বর্তমানে ওই বিচারক পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছেন এবং তাঁকে বরিশালে নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।

