বাগেরহাট প্রতিনিধিঃ খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় সশস্ত্র হামলা ও গাড়ি ভাঙচুরের পর বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজীকে ‘তুলে নিয়ে’ যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে বাগেরহাট ফেরার পথে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই অপহরণের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে বিএনপি।
এ সময় মনিরুল হকের সঙ্গে থাকা আরেক বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে বেধড়ক মারধর করে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তারা দুজন নিরাপদে থাকলেও অপহৃত নেতার কোনো খোঁজ মেলেনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, বৃহস্পতিবার সকালে তারা একটি ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। সেসব বাধা পেরিয়ে গাড়িটি গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধ করে।
হামলাকারীরা তাণ্ডব চালিয়ে গাড়িটি ভাঙচুর করে এবং সবার কাছে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে ছিনিয়ে নেওয়া মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি চালানোর একপর্যায়ে তাদের ওপর শারীরিক নির্যাতন শুরু করে দুর্বৃত্তরা।
ঘটনার বর্ণনা দিয়ে ময়েন বলেন, “তল্লাশির সময় মনিরুল হক ফরাজীর মুঠোফোনে বর্তমান প্রধানমন্ত্রীর ছবিসহ দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের ছবি দেখতে পায় হামলাকারীরা। এরপরই তারা ‘বিএনপি, বিএনপি’ বলে চিৎকার শুরু করে এবং ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আমাকে ও চালক হাসানকে মারধর করে ছেড়ে দিলেও মনিরুল হককে জোরপূর্বক আটকে রেখে তুলে নিয়ে যায়। পরে আমরা প্রাণ বাঁচাতে গাড়িটি সেখানেই ফেলে পালিয়ে আসি।”
বাগেরহাট জেলা বিএনপি সূত্রে জানা গেছে, হামলার শিকার শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বর্তমানে জেলার মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানানো হয়েছে এবং স্থানীয় থানা পুলিশকেও অবহিত করা হয়েছে। এদিকে, একটি সূত্র নিশ্চিত করেছে যে হামলার শিকার গাড়িটি এখনো ঘোনাপাড়া এলাকার সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
এ ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, “সহকর্মী ময়েনের মাধ্যমে মনিরুল হক ফরাজীকে অপহরণের বিষয়টি জেনেছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাকে তুলে নিয়ে গেছে। তাকে অক্ষত অবস্থায় উদ্ধারে প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবেও সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে এবং বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে।”
অপহরণের অভিযোগ ও উদ্ধারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম বলেন, “গোপালগঞ্জ এলাকায় বাগেরহাটের এক বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি আমরা শুনেছি। ঘটনাটি যেহেতু গোপালগঞ্জ জেলার সীমানায় ঘটেছে, তাই সেখানকার পুলিশের সঙ্গে সমন্বয় করে নিখোঁজ মনিরুল হক ফরাজীকে দ্রুত উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।”

