পাবনার বেড়ায় থানার সামনে আ.লীগের বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে আগুন

0
পাবনার বেড়ায় থানার সামনে আ.লীগের বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে আগুন

কামাল সিদ্দিকীঃ পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সংঘটিত এই উত্তেজনাকর পরিস্থিতির একপর্যায়ে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার দিকে বেড়া পৌরসভার বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বেড়া থানার সামনে গিয়ে অবস্থান নেয় এবং সেখানে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় তারা থানায় ভাঙচুরের চেষ্টা চালান বলেও অভিযোগ উঠেছে। পরবর্তীতে এই বিক্ষোভের একটি ভিডিও ‘পাবনা জেলা ছাত্রলীগ’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়।

এদিকে, থানার সামনে আওয়ামী লীগের অবস্থানের খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপি ও ছাত্রদল কর্মীদের ধাওয়ায় আওয়ামী লীগের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

রাত ৮টার দিকে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। নিষিদ্ধ ঘোষিত দলের এই কর্মসূচির প্রতিবাদে বেড়া পৌর বিএনপির নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করলে আবারও দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এই উত্তেজনার মধ্যেই বৃশালিখা এলাকায় অবস্থিত সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং বাড়ির ভেতরে ও পাশে থাকা খড়ের পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন গণমাধ্যমকে বলেন, “ফ্যাসিবাদীদের কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানেই পাওয়া যাবে, সেখান থেকেই ধরে পুলিশে সোপর্দ করতে হবে।”

থানার সামনে বিক্ষোভ ও এলাকার সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, “বিক্ষোভ মিছিলটি থানা সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় তারা ফটকের সামনে কিছু সময় স্লোগান দিয়েছেন। তবে একে থানা ঘিরে বিক্ষোভ বলা ঠিক হবে না।”

অন্যদিকে, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, পুলিশ সদস্যরা বাইরে দায়িত্ব পালন করছিলেন এবং এলাকার বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা সামাল দিতে ব্যস্ত ছিলেন। থানা ঘেরাওয়ের কোনো তথ্য তাঁর জানা নেই উল্লেখ করে তিনি বলেন, “সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে থাকা খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে আমরা জানতে পেরেছি।”

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে প্রশাসন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।