
বিশেষ প্রতিবেদকঃ দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন, রাজনৈতিক উত্থান-পতন এবং গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রক্ষমতার মসনদে বসার পর আজ ২০ নভেম্বর ৬২তম জন্মদিন পালন করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা প্রয়াত বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে পরিবার ও ঘনিষ্ঠজনরা আদর করে ‘পিনো’ নামে ডাকেন।
‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’— এই মূলমন্ত্র ও স্লোগানকে ধারণ করে গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধের আলোকে রাষ্ট্র পরিচালনার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনের অবসান ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। ওই দিন দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।
দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থেকেও গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দিকনির্দেশনা দিয়েছেন তারেক রহমান। রাজনৈতিক দমন-পীড়ন ও নানা সংকটের মাঝে সাধারণ মানুষের আশার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। দীর্ঘ প্রবাসজীবনের ইতি টেনে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন ঢাকায় বিশাল জনসমাবেশে দাঁড়িয়ে মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত ‘আই হ্যাভ অ্যা ড্রিম’-এর আদলে তিনি ঘোষণা করেন, *‘আই হ্যাভ অ্যা প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’*— দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও উন্নয়নের সুনির্দিষ্ট রূপরেখা।
স্বদেশে ফেরার কয়েক দিনের মাথায়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তে দলের চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। তাঁর নেতৃত্বেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। এরপর ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত নয় মাসে অর্থনীতি, সুশাসন ও সামাজিক সুরক্ষায় একাধিক পদক্ষেপ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আদায়ে তৎপরতা বাড়ানোয় খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে। পূর্ববর্তী সরকারের সময়ে নেওয়া বিপুল ঋণের চাপ সামলেও গত পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলার ও ভারতীয় রুপির বিপরীতে টাকার মান শক্তিশালী হয়ে গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
সামাজিক সুরক্ষায় নিম্ন আয়ের পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দিতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের কৃষি উপকরণ, ঋণ ও সরকারি সেবা সহজতর করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ ও সংশ্লিষ্ট সুদ মওকুফ করা হয়েছে। স্বাস্থ্যসেবায় ‘হেলথ কার্ড’ চালু ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিধি বাড়ানোর পাশাপাশি প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা খাতে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের অবৈতনিক শিক্ষার সুযোগ, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, বিনামূল্যে ওয়াইফাই, নতুন বিষয় সংযোজন, সংসদ অধিবেশন দেখার সুযোগ এবং ক্রীড়া ও উদ্ভাবন প্রতিযোগিতার মতো উদ্যোগ যুক্ত হয়েছে। এ ছাড়া এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা মেটাতে ২ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে এবং ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা চালু করা হয়েছে।
পরিবেশ রক্ষায় দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। দুর্গাপূজা ও বুদ্ধপূর্ণিমাসহ প্রধান ধর্মীয় উৎসবে নিরাপত্তা বাড়ানো, বরাদ্দ বৃদ্ধি ও অতিরিক্ত ছুটির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখার দাবি করেছে সরকার। সরকারি ব্যয় সংকোচন, গাড়ি কেনায় কড়াকড়ি, অপ্রয়োজনীয় বিদেশ সফর ও প্রশিক্ষণ সীমিতকরণ এবং প্রধানমন্ত্রীর চলাচলে স্বল্পসংখ্যক গাড়ি ব্যবহার ও দীর্ঘ সময় সড়ক বন্ধ না রাখার সিদ্ধান্তকেও নাগরিকবান্ধব পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংসদীয় কার্যক্রমে জবাবদিহি বাড়ানো এবং প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগও প্রাতিষ্ঠানিক চর্চা সক্রিয় করার ইঙ্গিত দেয়।
ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে ভর্তি হন তারেক রহমান। স্নাতক পর্যায়ে পড়াশোনার পাশাপাশি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসের মতো রাষ্ট্র ও সমাজচিন্তকদের লেখা অধ্যয়ন তাঁকে রাজনৈতিক তত্ত্ব ও বাস্তবতার সঙ্গে যুক্ত করে।
১৯৮৮ সালে মাত্র ২২ বছর বয়সে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার পাশে থেকে দেশব্যাপী প্রচারে অংশ নেন। ২০০১ সালের নির্বাচনের সাফল্যের পর ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হন। ওয়ান-ইলেভেনের সময় গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হওয়ার পর ২০০৮ সালে আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন। পরবর্তীতে ২০০৯ ও ২০১৬ সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর মতে, নানা প্রতিকূলতা ও অপপ্রচার পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন তারেক রহমান।
এদিকে ৬২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো বা আলোচনাসভার মতো কোনো আনুষ্ঠানিক কিংবা আড়ম্বরপূর্ণ কর্মসূচি পালনের দলীয় নির্দেশনা নেই বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে। গত বছরও জন্মদিনে কোনো আনুষ্ঠানিক আয়োজন ছিল না। তবে দলীয় নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণ এবং অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণের মতো মানবিক কর্মসূচি পালন করছেন।
