পারমাণবিক বিদ্যুৎ পরিচালনায় আত্মবিশ্বাসী বাংলাদেশ, রূপপুরে দক্ষতার নতুন দৃষ্টান্ত

0
পারমাণবিক বিদ্যুৎ পরিচালনায় আত্মবিশ্বাসী বাংলাদেশ, রূপপুরে দক্ষতার নতুন দৃষ্টান্ত

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন মাইলফলক অর্জন করেছে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সমন্বয়ের পর প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে কেন্দ্রটির প্রথম ইউনিট। এ সময়ে জাতীয় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

এই অর্জন শুধু বিদ্যুৎ উৎপাদনের পরিসংখ্যান নয়; বাংলাদেশের জ্বালানি ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। আধুনিক পারমাণবিক প্রযুক্তির বাস্তব প্রয়োগের পাশাপাশি দেশের নিজস্ব কর্মকর্তা, প্রকৌশলী ও পরিচালনাকারীদের দক্ষতা ও সক্ষমতারও প্রমাণ মিলেছে। রুশ বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে তাঁরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় নতুন অভিজ্ঞতা অর্জন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আরশাদ মোমেন এই অর্জনকে স্বাগত জানিয়ে বলেন, “রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিনের অপেক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর এই সাফল্য বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় আধুনিক পারমাণবিক প্রযুক্তি, নতুন সক্ষমতা ও অভিজ্ঞতা যুক্ত করেছে।”

তিনি বলেন, দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং কমার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন বাড়বে এবং গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর চাপ কমবে।

দেশের অর্থনৈতিক বাস্তবতা ও ভবিষ্যতের জ্বালানি চাহিদা বিবেচনায় পারমাণবিক বিদ্যুতকে সময়োপযোগী উদ্যোগ উল্লেখ করে ড. আরশাদ মোমেন বলেন, “ছোট আয়তনের দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই বিকল্প জ্বালানি উৎস হিসেবে পারমাণবিক বিদ্যুৎ আমাদের জন্য উপযোগী। তবে এ ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, রুশ বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী ও অপারেটররা যে অভিজ্ঞতা অর্জন করছেন, তা ভবিষ্যতে নিজস্ব জনবলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সক্ষমতা গড়ে তুলতে সহায়ক হবে। এজন্য দক্ষ জনশক্তি তৈরিতে এখন থেকেই বিনিয়োগ ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। উত্তর ও পশ্চিমের দেশগুলোর ওপর নির্ভর না করে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস ও দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো অধ্যাপক ড. আখতার হোসেন বলেন, “দেশে বিদ্যুৎ সংকটের এই মুহূর্তে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া অত্যন্ত আনন্দের এবং স্বস্তির বিষয়। বিদ্যুতের ঘাটতির কারণে সরকার ইতোমধ্যে কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া নিঃসন্দেহে ইতিবাচক অগ্রগতি।”

তিনি আশা প্রকাশ করেন, প্রথম ইউনিটের উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে বাড়বে। পাশাপাশি দ্বিতীয় ইউনিট চালুর প্রচেষ্টাও চলছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু করলে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। বিশেষ করে শিল্পকারখানায় উৎপাদন বাড়বে এবং বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর নির্ভরতা কমবে।

এ সাফল্যের পেছনে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কর্মকর্তা-কর্মচারী ও পরিচালনাকারীদের অবদানেরও প্রশংসা করেন অধ্যাপক ড. আখতার হোসেন। তিনি বলেন, রুশ পরিচালনাকারী সংস্থা সিআরইএ-এর বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করে বাংলাদেশি জনবল পেশাগত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, “রুশ বিশেষজ্ঞদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের দক্ষতা ও সক্ষমতার প্রমাণ দিয়েছেন। দেশের নিজস্ব পারমাণবিক জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা অত্যন্ত সংবেদনশীল ও জটিল কারিগরি প্রক্রিয়া। জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় এবং স্থিতিশীলভাবে বিদ্যুৎ উৎপাদন বজায় রাখতে প্রতিটি পর্যায়ে সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারত্ব প্রয়োজন। বাংলাদেশি পরিচালনাকারীরা রুশ বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিতভাবে এসব দায়িত্ব পালন করে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছেন।

ড. জাহেদুল হাসানের মতে, বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীরা শুধু বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় অংশ নিচ্ছেন না, বরং ভবিষ্যতে নিজস্ব দক্ষ জনবলের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার ভিত্তিও গড়ে তুলছেন। তাঁদের পেশাগত উৎকর্ষ ও দায়িত্ববোধ দেশের পারমাণবিক বিদ্যুৎ খাতকে আরও এগিয়ে নেবে।

এনপিসিবিএলের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট এস এম মাহমুদ আরাফাত বলেন, “রূপপুরের এই সাফল্যের পেছনে বিশেষভাবে প্রশংসার দাবিদার এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী ও পরিচালনাকারীরা। রুশ পরিচালনাকারী সংস্থা সিআরইএ-এর বিশেষজ্ঞদের সঙ্গে মিলেমিশে তাঁরা পেশাগত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও সমন্বিত কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন।”

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশি জনবল পারমাণবিক নিরাপত্তা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় বা গ্রিড সিনক্রোনাইজেশনের মতো জটিল কারিগরি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে। এই অর্জন ভবিষ্যতে নিজস্ব জনবলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, একসময় বাংলাদেশের কাছে পারমাণবিক প্রযুক্তি ছিল সম্পূর্ণ নতুন ও চ্যালেঞ্জিং। আন্তর্জাতিক সহযোগিতা ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে এখন দেশের প্রকৌশলী ও পরিচালনাকারীরা এই প্রযুক্তির বাস্তব পরিচালনায় অভিজ্ঞতা অর্জন করছেন। তাঁদের এই অভিজ্ঞতা দেশের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বিকাশের পথ সুগম করছে।

সব মিলিয়ে রূপপুরের প্রথম ইউনিটের ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের সাফল্য কেবল প্রযুক্তিগত অর্জন নয়; এটি পারমাণবিক বিদ্যুৎ পরিচালনায় বাংলাদেশের নিজস্ব জনশক্তির দক্ষতা, আত্মবিশ্বাস ও সক্ষমতা অর্জনেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত।