রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার-২

0
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার-২

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর মধ্য নওদাপাড়া এলাকায় পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নগরীর শাহমখদুম থানার মধ্য নওদাপাড়া এলাকার ভাড়াটিয়া শাহাদত হোসেন (২৭) ও একই এলাকার ময়না বেগম (৪২)। এসআরবি-৫ সূত্রে জানা গেছে, সোমবার সকালে শাহাদত হোসেনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় তাঁর শয়নকক্ষে কাঠের বালিশের নিচে বিশেষ কায়দায় লুকানো ৩৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার নজরুল ইসলামের ভবনের নিচতলার একটি বাসায় অভিযান চালিয়ে ময়না বেগম কেগ্রেফতার করা হয়। ওই বাসার শয়নকক্ষে একটি ফ্রিজের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আরও ৮ কেজি ২৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সব মিলিয়ে উদ্ধার করা হেরোইনের পরিমাণ ৮ কেজি ৩০৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহ মখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।