গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিতে আহত ২০

0
গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিতে আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার গোলচত্বর ও ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে চরমানিকদাহ এবং ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী চলা এই তাণ্ডবে চারটি ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ এবং বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশ নিতে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন শহরের পুরাতন লঞ্চঘাট গোলচত্বর এলাকায় জড়ো হন। মিছিল চলাকালে বা এর প্রাক্কালে দুই গ্রামের দুই যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। মুহূর্তেই এই উত্তেজনা দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে।

এর জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আতঙ্ক ছড়াতে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং গুলি ছোড়া হয়। সংঘর্ষ চলাকালে সড়কের পাশের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হলে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন চারজনই চরমানিকদাহ গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন—হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান প্রান্ত, চান মিয়া মোল্লার ছেলে রাকিবুল মোল্লা, সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা এবং কোভিদ মোল্লার ছেলে জাহিদ মোল্লা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। বর্তমানে লঞ্চঘাট ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং বিস্তারিত জেনে এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বরও গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এরপর থেকে জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।