মিরপুরে চলন্ত বসুমতি পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

0
মিরপুরে চলন্ত বসুমতি পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে ‘বসুমতি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যস্ততম এই সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বর গোলচত্বর সংলগ্ন সনি সিনেমা হলের সামনে বাসটি পৌঁছালে হঠাৎ করেই সেটিতে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাসের ভেতরে ও বাইরে ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে বাসে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় ফায়ার সার্ভিসের দল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, “মিরপুর-১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার খবর পাওয়ার সাথে সাথেই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

ঘটনার পরপরই শাহ আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। শাহ আলী থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, সনি সিনেমা হলের সামনে একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অবস্থান করছে।

আগুনে বাসটির ভেতরের আসনসহ অধিকাংশ অংশ পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত যাত্রীরা দ্রুত নেমে যেতে পারায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর মিরপুর-১ নম্বর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।