কলাপাড়া প্রতিনিধিঃ : জাগতিক সকল পাপ মোচনের আশায় গঙ্গাস্নান বা পূন্যস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার ভোর ৫ টা ৩০ মিনিটে সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে এ গঙ্গাস্নান সম্পন্ন করেন সনাতনীরা।
সমুদ্রে স্নানের আগে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু ধর্মালম্বী নারীরা। অনেকে পূর্ব পুরুষদের স্মরনে ও মানত পূরনের আশায় মাথা ন্যাড়াসহ পিন্ড দান করেন। এসময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। পরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ১৭ জোড়া যুগল প্রীতিমা দর্শন করেন ভক্তরা। এর আগে রাতভর চলে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্ত্তন ও পূর্জাচনা। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে কুয়াকাটায় রাস উৎসব শেষ হলেও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে এ উৎসব চলবে ৩ দিন। আগতদের নিরাপত্তায় থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

সনাতনীদের বিশ্বাস, মানবতা রক্ষায় দ্বাপর যুগে কংস রাজাকে বধ করে পূর্ণিমা তিথিতে ঘটে রাধা-কৃষ্ণের পরম প্রেম। সেই থেকেই মূলত রাস উৎসবের প্রচলন। তবে সত্য ও সুন্দরের জয়ের আকাঙ্ক্ষায় প্রায় আড়াইশ বছর ধরে কার্তিকের পূর্নিমা তিথিতে কুয়াকাটায় রাস উৎসব উদযাপন করে আসছেন সনাতন ধর্মালম্বীরা।

