শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে, বিমান না হেঁটে আসবেন তাও ঠিক হবে: তথ্য উপদেষ্টা

0
শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে, বিমান না হেঁটে আসবেন তাও ঠিক হবে: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ প্রতিবেদকঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া নিয়ে তার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে আলোচনা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি মন্তব্য করেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে সীমান্ত পার হবেন—তা নয়াদিল্লির সঙ্গে আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি সাম্প্রতিক প্রতিবেদন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী।

এই খবরের প্রতিক্রিয়ায় তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা এমনভাবে বিষয়টি উপস্থাপনের চেষ্টা করছেন, যেন দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ তার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বাস্তবতা ভিন্ন উল্লেখ করে উপদেষ্টা বলেন, “তিনি এখন কেবল কোনো মামলার অভিযুক্ত নন, বরং যথাযথ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে দোষী সাব্যস্ত ও সাজাপ্রাপ্ত আসামি। তাই তিনি কীভাবে দেশে ফিরবেন বা কোন প্রক্রিয়ায় তাকে হস্তান্তর করা হবে, তা ভারতের সঙ্গে কূটনৈতিক ও আইনি আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।”

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি কোনো জটিলতা দেখছেন না তথ্য উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশ সরকার একজন সাজাপ্রাপ্ত আসামিকে ফেরত চাচ্ছে। অন্যদিকে, শেখ হাসিনা নিজেও দেশে আসার কথা বলছেন। অর্থাৎ, ফেরত চাওয়া এবং ফিরে আসার বিষয়ে দুই পক্ষের অবস্থান এক বিন্দুতে মিলেছে।

জাহেদ উর রহমান পরামর্শ দিয়ে বলেন, “এখানে ভারত তাকে জোর করে ফেরত পাঠাবে বিষয়টি এমন নয়। শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে তিনি ভারত সরকারকে সরাসরি তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ (Extradition) করার অনুরোধ জানাতে পারেন। ভারত তাকে হস্তান্তর করলেই বিষয়টির সহজ সমাধান হয়ে যায়। দেশে ফেরার পর তার সামনে আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ খোলা রয়েছে।”

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গেও কড়া বার্তা দেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী দেশে ফিরলে বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাস্তববাদী অবস্থানের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ও ভারত প্রতিবেশী রাষ্ট্র, কারোরই প্রতিবেশী পরিবর্তন করার সুযোগ নেই। তাই উভয় দেশের স্বার্থেই ইতিবাচক যোগাযোগ এবং পারস্পরিক সম্পৃক্ততা বজায় রাখা ছাড়া কোনো বিকল্প নেই।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তার দেশে ফেরা এবং প্রত্যর্পণ নিয়ে দেশের রাজনীতি ও কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে আসছে।