‘হাতকড়া ছাড়া ফেরার সুযোগ নেই’: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকারের কড়া বার্তা

0
‘হাতকড়া ছাড়া ফেরার সুযোগ নেই’: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকারের কড়া বার্তা

বাংলাদেশ প্রতিবেদকঃ আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ চেয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার এই ঘোষণাকে ‘বাস্তবতাবিবর্জিত স্বপ্ন’ আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো ‘সন্ত্রাসীকে’ দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না এবং শেখ হাসিনাকে ফিরতে হলে সাধারণ যাত্রীর বেশে নয়, বরং হাতকড়া পরিয়েই আসতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সরকারের এই অনড় অবস্থানের কথা তুলে ধরেন।

এর আগে মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে জানানো হয়, দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসিত থাকার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য তিনি সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, “অর্থের বিনিময়ে বা পয়সা খরচ করে আন্তর্জাতিক অঙ্গনে নানা ধরনের লেখা বা বিবৃতি প্রকাশ করানো যেতে পারে। তবে আকাঙ্ক্ষা আর বাস্তবতা এক বিষয় নয়—এই পার্থক্যটি বুঝতে হবে। বাস্তবতা হলো, আইনি প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরতে দেওয়া হবে না।”

শেখ হাসিনার দেশে ফেরার ধরন কেমন হবে, তা স্পষ্ট করে প্রতিমন্ত্রী আরও বলেন, “তিনি সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন যে চাইলেই টিকিট কেটে বা রাষ্ট্রীয় বিমানে চড়ে চলে আসবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে দেশে ফিরিয়ে আনতে হলে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তা নজরদারির মধ্য দিয়েই আনতে হবে।”

ব্রিফিং শেষে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা নিয়েও তীব্র সমালোচনা করেন হুমায়ুন কবির। তিনি দাবি করেন, দেশের মানুষের কাছে সন্ত্রাসী বলতে এখন আওয়ামী লীগকেই বোঝায় এবং শেখ হাসিনা দিল্লিতে বসে এই ‘আওয়ামী টেররিজমের’ পৃষ্ঠপোষকতা করছেন।

এ সময় ‘জয় বাংলা’ স্লোগানকে কটাক্ষ করে প্রতিমন্ত্রী বলেন, “জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। এই স্লোগান শুনলেই মনে হয় কেউ দৌড়ে পালাচ্ছে। আমরা মুসলমানরা মৃত্যুর আগে কলিমা পড়ার চেষ্টা করি, আর এরা জয় বাংলা বলে মরে যায়। এটি এখন তাদের পালানোর আর মরার স্লোগান হয়ে দাঁড়িয়েছে।”

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করার পর থেকেই দেশে তার সমর্থকদের ঝটিকা মিছিল ও বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে আমাদের শক্ত অবস্থান ও আস্থা রয়েছে। আওয়ামী লীগের সমর্থকদের সাম্প্রতিক কর্মকাণ্ড অত্যন্ত বিচ্ছিন্ন ঘটনা। এসব করে তারা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে চাইলেও উল্টো তারাই এখন আতঙ্কে আছে।”

২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দেশের মানুষ আমূল পরিবর্তন চেয়েছে, তাই পুরোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই। যেখানেই এ ধরনের অপতৎপরতা চলবে, সাধারণ মানুষই তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে। ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় সরকার আরও কঠোর ও আপসহীন থাকবে বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।

২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থান দমনে গণহত্যা ও প্রাণঘাতী অভিযান চালানোর দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তার পাসপোর্ট বাতিল করে সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ ঘোষণা করা হয়।