বালিশ ঠেকিয়ে গুলি, অতঃপর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে বস্তাবন্দি: জিয়াউল আহসানের বিরুদ্ধে গা শিউরে ওঠা বর্ণনা ট্রাইব্যুনালে

0
বালিশ ঠেকিয়ে গুলি, অতঃপর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে বস্তাবন্দি: জিয়াউল আহসানের বিরুদ্ধে গা শিউরে ওঠা বর্ণনা ট্রাইব্যুনালে

আদালত প্রতিবেদকঃ গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এক পৈশাচিক ও লোমহর্ষক চিত্র উঠে এসেছে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে। মরদেহ যেন কোনোভাবেই নদীতে ভেসে না ওঠে, সে জন্য গুলি করে হত্যার পর ধারালো অস্ত্র দিয়ে পেট কেটে নাড়িভুঁড়ি বের করে ফেলা হতো। এরপর গলা ও পায়ে সিমেন্টভর্তি বস্তা বেঁধে গভীর মোহনায় ডুবিয়ে দেওয়া হতো নিথর দেহ। রাষ্ট্রীয় বাহিনীর পরিচয়ে সংঘটিত এই নৃশংসতাকে ‘দানবীয়’ আখ্যা দিয়ে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে করা এই মামলার প্রথম দিনের যুক্তিতর্ক শুরু হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বেলা সোয়া ১১টার পর শুরু হওয়া কার্যক্রমে চিফ প্রসিকিউটর মামলার ঘটনাপ্রবাহ তুলে ধরার পাশাপাশি জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস এবং মামলার ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি পড়ে শোনান।

আদালতে হত্যাকাণ্ডের ধরন বর্ণনা করতে গিয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, “মাই লর্ড, এসব বর্ণনা দিতে গেলে আমার গা শিউরে ওঠে। গুলির শব্দ আড়াল করতে এবং নিজের শরীরে যেন রক্ত না লাগে, সে জন্য ভুক্তভোগীর মাথা ও কানের পাশে বালিশ ঠেকিয়ে গুলি করতেন জিয়াউল আহসান। একজন গুলি করতেন, আরেকজন নিশ্চিত করতেন পেট কেটে নাড়িভুঁড়ি বের করার কাজ। এদের কি মানুষ বলা যায়? এরা দানব, হিংস্র।” রাষ্ট্রপক্ষের দাবি, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত এসব হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ পরিকল্পিত, পদ্ধতিগত এবং সরাসরি জিয়াউল আহসানের নির্দেশনায় পরিচালিত।

যুক্তিতর্কে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর (যিনি গত ১৭ সেপ্টেম্বর জবানবন্দি দিয়েছিলেন) জবানবন্দির বিস্তারিত তুলে ধরা হয়। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত র‍্যাবে কর্মরত থাকাকালে বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় তৎকালীন র‍্যাব গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানের ভয়াবহ চিত্র তিনি প্রকাশ করেন।

জবানবন্দি অনুযায়ী, ২০১০ সালের জানুয়ারির এক রাতে বরিশাল ব্যাটালিয়ন সদর থেকে সাব্বিরকে সঙ্গে নিয়ে পাথরঘাটার চরদুয়ানী ঘাটে যান জিয়াউল আহসান। সেখানে আগে থেকেই র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের একটি ট্রলার প্রস্তুত ছিল। ঢাকা থেকে আসা দলের সদস্যরা হাত বাঁধা ও কালো টুপি পরানো এক ব্যক্তিকে ট্রলারের খোলে তোলেন। প্রায় তিন ঘণ্টা ট্রলার চালিয়ে গভীর মোহনায় যাওয়ার পর ওই ব্যক্তির গলা ও পায়ে দুটি সিমেন্টের বস্তা বাঁধা হয়। এরপর বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে গুলি করার পর তার পেট কেটে ফেলা হয়। একজন র‍্যাব সদস্য পেটের ভেতর হাত ঢুকিয়ে নাড়িভুঁড়ি বের হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর জোয়ার-ভাটার গভীরতা মেপে মরদেহটি পানিতে ফেলে দেওয়া হতো।

ফিরে আসার পথে জিয়াউল আহসান নির্বিকারভাবে তার অধস্তনদের বলতেন, “এরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এদের না থাকাই ভালো। এভাবেই এদেরকে ‘গলফ’ (হত্যার সাংকেতিক নাম) করতে হবে।”

২০১০ সালের মে মাসে একই কায়দায় চারজনকে হত্যার ঘটনা উল্লেখ করে জবানবন্দিতে বলা হয়, ঘটনার কয়েক মাস পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে পেট কাটা অবস্থায় উদ্ধার হওয়া একটি মরদেহের পরিচয় শনাক্ত হয়; তিনি ছিলেন সাবেক বিজিবি সদস্য নজরুল ইসলাম।

এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রলারের মাঝি আলকাছ চরদুয়ানী বাজারে এই ‘গলফ অপারেশন’-এর তথ্য ফাঁস করে দিচ্ছেন—এমন খবর পেয়ে ২০১১ সালের জুনে র‍্যাবের নিরাপত্তাঝুঁকির অজুহাতে আলকাছ মাঝিকেও ‘এলিমিনেট’ (হত্যা) করার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল আহসান।

পাথরঘাটা ছাড়াও জিয়াউল আহসানের পরিকল্পনায় সুন্দরবনকেন্দ্রিক তিনটি তথাকথিত ‘এনকাউন্টার’ অভিযান প্রত্যক্ষ করার কথা জানান মেজর (অব.) সাব্বির রহমান। এই অমানবিক ও পৈশাচিক হত্যাকাণ্ডগুলো দেখে তীব্র মানসিক যন্ত্রণায় ভুগে তিনি স্বেচ্ছায় অবসরের আবেদন করেছিলেন এবং চাকরির ১৮ বছর পূর্ণ হওয়ার পর র‍্যাব ছেড়ে নিজ বাহিনীতে ফিরে যান।

নিরাপত্তাজনিত কারণে মামলার একমাত্র আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে সশরীরে আদালতে হাজির না করে কারাগার থেকে ভার্চ্যুয়ালি ট্রাইব্যুনালের কার্যক্রমে যুক্ত করা হয়। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য আইনজীবীরা। এ সময় আদালত কক্ষে গুম ও হত্যার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন, যাদের অনেকের চোখেই স্বজন হারানোর বেদনা ও বিচার পাওয়ার প্রত্যাশা ফুটে ওঠে। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলমান রয়েছে।