বিনোদন প্রতিবেদকঃ পর্দায় নিখুঁত অভিব্যক্তি আর অনবদ্য সংলাপে যিনি দর্শকদের হাসাতেন, ব্যক্তি জীবনেও ছিলেন অফুরান প্রাণশক্তিতে ভরপুর—সেই প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিং চলাকালে হৃদরোগে (কার্ডিয়াক অ্যারেস্ট) আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
কয়েকদিন আগেও অভিনয়ের টানে বগুড়ায় ছুটে গিয়েছিলেন তিনি, শুটিং সেটে সহকর্মীদের মাতিয়ে রেখেছিলেন চিরচেনা হাসি-আনন্দে। অথচ কাজ শেষ হওয়ার আগেই সব মায়া কাটিয়ে নিথর দেহে ফিরতে হচ্ছে আপন ঠিকানায়।
‘নসীব’ সিনেমার শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তার অংশের দৃশ্যধারণ শেষ হওয়ার কথা ছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও নির্ধারিত সময়ে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছিলেন তিনি।
পরে শট দেওয়ার জন্য তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। কক্ষে প্রবেশ করে তিনি অভিনেতাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দ্রুত ইউনিটের অন্যদের খবর দেন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।
সোহেল খানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ‘নসীব’ সিনেমার পরিচালক মো. ইকবাল জানান, প্রিয় এই অভিনেতার প্রয়াণে সিনেমাটির চলমান শুটিং তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বগুড়া থেকে তার মরদেহ ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংকের একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন সোহেল খান। পরবর্তীতে ফারুকীরই বহুল আলোচিত রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অনবদ্য অভিনয় করে রাতারাতি দেশজুড়ে ব্যাপক পরিচিতি ও ভালোবাসা অর্জন করেন তিনি।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই গুণী শিল্পী। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘কেমনে কি!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) এবং সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ (২০২৫)।
সোহেল খানের এই অকাল প্রয়াণে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা প্রিয় অভিনেতার স্মৃতিচারণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

