শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের তিন ছাত্রীকে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘন্টা পর উদ্ধার করেছে থানা পুলিশের একটি দল। উদ্ধার করা ৩ জনই শাহজাদপুর উপজেলার মশিপুর মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী। তথ্য প্রযুক্তির সহায়তায় থানা পুলিশের একটি দল একই দিন রাতে তাদের উদ্ধার করে।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ২টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ওই তিন ছাত্রী প্রেমের টানে একসাথে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। একপর্যায়ে খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে একই দিন সন্ধ্যায় নিখোঁজ তিন ছাত্রীর অভিভাবকরা থানায় তিনটি পৃথক জিডি এন্ট্রি করেন। পরে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের দিকনির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টর এরশাদুল হক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাতেই উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামের রমজান আলীর বাড়ি থেকে মাদ্রাসা পড়ুয়া নিখোঁজ তিন ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে ছাত্রীরা জানায়, তাদের সাথে তিনটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের টানে ওই তিন ছাত্রী পারস্পরিক যোগসাজসে বাড়ি থেকে বের হয়ে নগরডালা গ্রামে কথিত রাব্বি নামে এক প্রেমিকের নানার বাড়িতে আশ্রয় নেয়।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, আজ শুক্রবার কোন এক সময়ে প্রেমিকদের হাত ধরে তিন শিক্ষার্থীর অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়ার কথা ছিল। তবে শিক্ষার্থীরা কেউই তাদের প্রেমিকদের নাম ঠিকানা বলতে পারেননি।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, উদ্ধার করা তিন ছাত্রীকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

