শীতের সবজিতেও মেলেনি স্বস্তি, মাছ-মাংসের চড়া দামে দিশেহারা ক্রেতারা

0
শীতের সবজিতেও মেলেনি স্বস্তি, মাছ-মাংসের চড়া দামে দিশেহারা ক্রেতারা

বাংলাদেশ প্রতিবেদকঃ শীতের আগমনে রাজধানীর কাঁচাবাজারগুলোতে মৌসুমি সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও নিত্যপণ্যের দামে কোনো স্বস্তি ফিরছে না। সবজির পাশাপাশি মাছ, মাংস ও ডিমের চড়া মূল্যে চরম বিপাকে পড়েছেন সাধারণ ও সীমিত আয়ের মানুষ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পণ্যের বাড়তি দামের কারণে ক্রেতাদের পকেট কাটছে, ফলে ব্যাগ ভরে বাজার করতে না পেরে হতাশ হয়ে ফিরছেন অনেকেই।

বাজারে আসা মাহফুজ নামে এক বেসরকারি চাকরিজীবী ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, “বাজারে ঢুকলেই মনে হয় পকেটের সব টাকা মুহূর্তেই শেষ হয়ে যাবে। এক কেজি বেগুন, সামান্য শিম আর কয়েকটি প্রয়োজনীয় সবজি কিনতেই বড় অঙ্কের টাকা চলে যাচ্ছে। বর্তমান বাজারে মাছ-মাংস কেনা এখন প্রায় বিলাসিতায় পরিণত হয়েছে। পরিবারের সদস্যদের চাহিদা থাকলেও বাড়তি দামের কারণে অনেক কিছুই কাটছাঁট করতে হচ্ছে। মাস শেষে আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে আমাদের মতো মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।”

সরেজমিনে রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, হাতেগোনা দু-একটি ছাড়া প্রায় সব সবজির দামই আকাশছোঁয়া। প্রতি কেজি বেগুন মানভেদে ১০০ থেকে ১৩০ টাকা, শিম ১০০ টাকা, টমেটো ১২০ টাকা, বরবটি ১২০ টাকা এবং করলা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শীতের নতুন আলুর দামও চড়া, প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। এ ছাড়া গাজর ৮০ থেকে ১২০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা, শসা ৬০ টাকা এবং মুলা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। সবজির বাজারে একমাত্র কম দামে মিলছে পেঁপে, যা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে।

সবজি বিক্রেতা হেলাল উদ্দিন জানান, শীতকালীন সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়লেও পাইকারি বাজারে দাম এখনো কমেনি। আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলেই খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবে আগামী কয়েক সপ্তাহে সরবরাহ আরও বাড়লে দাম নাগালে আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

সবজির মতোই উত্তাপ ছড়াচ্ছে মাছের বাজার। নিম্ন ও মধ্যবিত্তের প্রোটিনের প্রধান উৎস চাষের মাছেও হাত দেওয়া দায়। বাজারে প্রতি কেজি তেলাপিয়া ২৩০ টাকা, চাষের কই ২৮০ টাকা, ছোট পাঙাশ ২০০ টাকা এবং বড় পাঙাশ ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া চাষের শিং ৩০০ টাকা, মিরকা ৩২০ টাকা, বায়লা ৩২০ টাকা, পোয়া ৩৫০ টাকা, পাবদা ৩৮০ টাকা এবং আকারভেদে কাতলা ৩০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, দেশি ও নদীর মাছ সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার পুরোপুরি বাইরে চলে গেছে। বাজারে প্রতি কেজি টেংরা ৫৪০ টাকা, শোল ৬০০ টাকা, ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা এবং গলদা চিংড়ি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি শিং মাছ ১ হাজার টাকা, বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা, আইড় মাছ ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং সাগরের পাঙাশ ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

মাছ বিক্রেতা নাসির বলেন, “বাজারে মাছের কোনো সংকট নেই, কিন্তু পাইকারি আড়তেই দাম চড়া। দাম বেশি হওয়ায় ক্রেতারা আগের মতো বেশি মাছ কিনছেন না, অনেকেই পরিমাণ কমিয়ে দিচ্ছেন।” আবু আলম নামে এক ক্রেতা জানান, তিনি ৬০০ টাকা কেজি দরে শোল মাছ এবং ২৭০ টাকা দরে পাঙাশ কিনেছেন; তার মতে মাছের দাম আগের মতোই চড়া অবস্থায় স্থির হয়ে আছে।

মাছ ও সবজির বাজারে অস্থিরতা থাকলেও মুরগি, গরু ও ডিমের দাম আগের সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের বাজারেও নতুন করে দাম বাড়েনি বা কমেনি। অন্যদিকে, ডিমের বাজারে প্রতি ডজন সাদা ফার্মের ডিম ১৪০ টাকা এবং লাল ডিম ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাংস বিক্রেতা জসিম জানান, সরবরাহ স্বাভাবিক থাকায় মাংসের বাজার স্থিতিশীল রয়েছে।

বাজার বিশ্লেষক ও ভোক্তাদের মতে, কেবল সরবরাহ বাড়লেই হবে না, পাইকারি ও খুচরা পর্যায়ে কঠোর বাজার তদারকি নিশ্চিত করা জরুরি। পণ্যের সরবরাহ এবং দামের মধ্যে একটি স্বস্তিদায়ক ভারসাম্য তৈরি না হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়বে।