শুধু তিস্তা নয়, উত্তরাঞ্চলের সব সেচ ও নদী খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

0
শুধু তিস্তা নয়, উত্তরাঞ্চলের সব সেচ ও নদী খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জয়নাল আবেদীন: শুধু তিস্তা মহাপরিকল্পনা নয়, উত্তরাঞ্চলের চলমান সব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পুরো দেশকে ফসল, ফল ও শস্যে আরও সমৃদ্ধ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে রংপুর সদর উপজেলার সলেয়া শাহ বাজারে তিস্তা সেচ পাম্প প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তা ক্যানেল দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় ছিল। সলেয়া শাহ খালে সেচ পাম্প নির্মাণের মাধ্যমে এই এলাকার প্রায় ৮ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে এবং লক্ষাধিক মানুষ সরাসরি এর সুফল পাবেন। আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকল্পটির কাজ শেষ হবে। বর্তমান সরকার কৃষি, কৃষক ও জনবান্ধব বলেই প্রতিটি প্রকল্পে সমান গুরুত্ব দিচ্ছে।

খাল খননের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ২০ হাজার নদী ও খাল খনন এবং পুনর্খননের মাধ্যমে দেশকে আবারও শস্য-শ্যামলা ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা হবে।

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ওই দিন প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসবেন। গত ১৬ জুন একনেকে অনুমোদিত প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ের ‘করতোয়া, ইছামতি ও গজারিয়া নদী সিস্টেম’ প্রকল্পের মাধ্যমে কয়েক লাখ মানুষ সেচ সুবিধার আওতায় আসবেন এবং ১ লাখ হেক্টরের বেশি জমি চাষাবাদ করা সম্ভব হবে। পাশাপাশি সেখানে মৎস্য চাষ এবং ৫ হাজারের অধিক বৃক্ষরোপণ করা হবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রংপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ভাওয়াইয়া শিল্পী অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, গাইবান্ধার সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর উত্তরাঞ্চলীয় প্রধান ড. মোহা. সরফরাজ বান্দা এবং রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে দুপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী সিস্টেম প্রকল্পের আওতায় চলমান নদী খনন কর্মসূচির কাজ সরেজমিনে পরিদর্শন করেন।