জয়নাল আবেদীনঃ বিশ্ব শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে রংপুরে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা শনিবার শেষ হয়েছে। দুপুর নাগাদ অনুষ্ঠিত এই মুনাজাত পরিচালনা করেন বগুড়া থেকে আসা মজলিশে শূরার সদস্য হাফেজ মাওলানা ওয়াজি উল্লাহ। মুনাজাত চলাকালে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয় এবং আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো জনপদ।
এর আগে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই বৃহৎ ধর্মীয় সমাবেশ। রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের একটি হাউজিং প্রকল্পসহ দর্শনা মোড় থেকে সূত্রাপুর-আক্কেলপুর সংলগ্ন বিস্তীর্ণ এলাকাজুড়ে ইজতেমার মূল প্যান্ডেল ও কার্যক্রম সাজানো হয়।
তিন দিনব্যাপী এই আয়োজনে দেশবরেণ্য আলেম ও মুরব্বিদের অংশগ্রহণে ধর্মীয় বয়ান, কোরআন-হাদিসের তাফসির, তালিম, পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ, জিকির-আজকার ও আত্মশুদ্ধিমূলক নানা কার্যক্রম পরিচালিত হয়। এসব আলোচনায় দৈনন্দিন জীবনে ইসলামের মৌলিক শিক্ষা চর্চা, পারস্পরিক সহমর্মিতা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আয়োজক কমিটির তথ্যমতে, এবারের জেলা ইজতেমায় রংপুরসহ বৃহত্তর রংপুরের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে। পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চল ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন দেশের তাবলিগ জামাতের বিদেশি মেহমানরা এতে অংশ নেন। বিদেশি অতিথি ও দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের আবাসন, খাবার ও যাতায়াতের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ও আয়োজক কমিটি নিরলসভাবে কাজ করেছে।
ইজতেমাকে ঘিরে মুসল্লিদের ভোগান্তি কমাতে নেওয়া হয়েছিল ব্যাপক অবকাঠামোগত ও সেবামূলক প্রস্তুতি। পুরো ময়দান ও সংলগ্ন সড়ক আলোকিত রাখতে নিয়মিত বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটরের ব্যবস্থা রাখা হয়। মুসল্লিদের ওজু ও গোসলের সুবিধার্থে পর্যাপ্ত পানির সরবরাহ এবং অসংখ্য ট্যাপ স্থাপন করা হয়, যেখানে একসঙ্গে তিন থেকে চার হাজার মুসল্লি ওজু করতে পারেন।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা ও মুসল্লিদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে ময়দানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে অর্ধশতাধিক মেডিকেল টিম। ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজকদের পাশাপাশি পুলিশ, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল।
আখেরি মুনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন মুসল্লিরা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে ইজতেমা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

