শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে গ্রেপ্তারে বাধা দেয়ার ঘটনায় শনিবার (২৮ নভেম্বর) নলুয়া গ্রামসহ আশপাশের এলাকায় থানা পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। এদিকে গ্রেফতারের ভয়ে নলুয়া গ্রাম লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন । ফলে নলুয়া গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। শনিবার দিনভর অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) আওয়ামী লীগ নেতা হানিমুল হক মিরুকে গ্রেপ্তারের জন্য বিকেল ৪টার দিকে পুলিশের একটি দল শাহজাদপুর পৌরসভার নলুয়া গ্রামে অভিযান চালায়। এ খবর ছড়িয়ে পড়লে নলুয়া গ্রামের শত শত মানুষ লাঠিসোটা নিয়ে পুলিশের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে মিরুকে গ্রেপ্তার না করেই পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে যায়।
এদিকে শুক্রবারের (২৭ নভেম্বর) ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে । দায়ের করা মামলায় দুই শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছে। এদিকে শুক্রবারের ঘটনার জের ধরে শনিবার দুপুর থেকে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ হালিমুল হক মিরুর বসতবাড়ি নলুয়া গ্রামে সাঁড়াশি অভিযান শুরু করেছে। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, হালিমুল হক মিরুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশের একটি দল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মিরুকে গ্রেপ্তার করতে নলুয়া গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হালিমূল হক মিরু কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
ওসি সাইফুল ইসলাম জানান মিরুকে গ্রেফতার করা হয়েছে মর্মে খবর ছড়িয়ে পড়লে এলাকার শতাধিক মানুষ লাঠিসোটা নিয়ে পুলিশের কাজে বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ৪৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

