পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তৎপরতার প্রতিবাদে বের করা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের একটি বিপণিবিতান ঘেরাও করলে সেখান থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে শহরের ব্যস্ততম আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় কিছুক্ষণের জন্য চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গোপন তৎপরতা ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে সন্ধ্যায় জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বর (ট্রাফিক মোড়) হয়ে আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পৌঁছায়। এ সময় মার্কেটের ওপর থেকে মিছিলটি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের পরপরই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে মার্কেটের প্রধান ফটকে অবস্থান নেন এবং প্রশাসনকে খবর দেন।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। এর প্রতিবাদে আমাদের শান্তিপূর্ণ মিছিলটি মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে আসতেই ওপর থেকে ককটেল হামলা চালানো হয়। হামলাকারীরা মার্কেটের ভেতরেই অবস্থান করছে—এমন নিশ্চিত হওয়ার পর আমরা শান্তিপূর্ণভাবে মার্কেটের সামনে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিই।” দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মার্কেটের ভেতরে তল্লাশি চালায়। অভিযানে মার্কেটের তৃতীয় তলা থেকে সন্দেহভাজন হিসেবে মধ্যবয়সী এক নারী ও তিন যুবককে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রদলের নেতাকর্মীরা মার্কেটের গেট আটকে রেখে খবর দিলে পুলিশ গিয়ে তৃতীয় তলা থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। ককটেল বিস্ফোরণের নেপথ্যে কারা জড়িত এবং আটককৃতদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
ঘটনার পর থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

