৫ আগস্টের গুলিবর্ষণ: অভিযোগ উঠলেও মামলায় নেই শুটার সাফি

0
৫ আগস্টের গুলিবর্ষণ: অভিযোগ উঠলেও মামলায় নেই শুটার সাফি

বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় শুটার সাফি ওরফে আব্দুল্লাহ হিল সাফির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নিহতদের পরিবার ও এলাকাবাসী। তাঁদের দাবি, ঘটনার ভিডিও ফুটেজে তাঁর গুলিবর্ষণের দৃশ্য রয়েছে। তবে এ ঘটনায় দায়ের করা হত্যা মামলাগুলোর কোনোটিতে তাঁকে আসামি করা হয়নি, গ্রেপ্তারও করা হয়নি।

ওই দিন রাজশাহী মহানগরীর আলুপট্টি, শেখেরচক, শাহ মখদুম কলেজ, পঞ্চবটি ও আশপাশের এলাকায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং অন্তত ৪৫ জন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকাগুলোতে অন্তত ৪৫ জন গুরুতর আহত হওয়ার তথ্য রয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, শেখেরচক স্বচ্ছ টাওয়ার, শাহ মখদুম কলেজ ও পঞ্চবটি এলাকায় সংঘর্ষের সময় অস্ত্রধারীদের একটি দল আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়। ওই দলের মধ্যে সাফিও ছিলেন বলে দাবি তাঁদের। ঘটনার একাধিক ভিডিও ফুটেজে তাঁর গুলিবর্ষণের দৃশ্য রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

তবে এসব অভিযোগের বিষয়ে সাফির বক্তব্য পাওয়া যায়নি। ভিডিও ফুটেজের সত্যতা, গুলিবর্ষণে তাঁর সংশ্লিষ্টতা এবং মামলাগুলোতে তাঁর নাম না থাকার কারণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে সাফি আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করতেন। তাঁকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হিসেবে পরিচিত বলেও অভিযোগ করেন তাঁরা। ৫ আগস্টের ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও মামলা ও তদন্তে তাঁর নাম অন্তর্ভুক্ত না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

নিহতদের পরিবার ও এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে গুলিবর্ষণে জড়িতদের শনাক্ত করতে হবে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে সাফিসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

রাজশাহী মহানগর বিএনপির এক জ্যেষ্ঠ নেতার অভিযোগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী নগরীর ৩০টি ওয়ার্ডে এখনো প্রকাশ্যে চলাফেরা করছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদে অগ্নিসংযোগ ও যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে।

ওই নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতা-কর্মীরা শান্তিপূর্ণ মিছিল, সভা ও সমাবেশেও বাধার মুখে পড়েছেন। তাঁদের ওপর টিয়ারশেল নিক্ষেপ, গুলিবর্ষণ, গুম, খুন ও নির্যাতনের ঘটনা ঘটেছে। একের পর এক মামলায় হাজার হাজার নেতা-কর্মী কারাবরণ করেছেন। দীর্ঘ কারাবাসের পরও অনেকে সহজে জামিন পাননি বলে অভিযোগ করেন তিনি।