চৌদ্দগ্রামে গভীর রাতে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: নিষিদ্ধ আ.লীগের সাথে পুলিশ-বিএনপি-জামায়াতের চতুর্মুখী সংঘর্ষ

0
চৌদ্দগ্রামে গভীর রাতে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: নিষিদ্ধ আ.লীগের সাথে পুলিশ-বিএনপি-জামায়াতের চতুর্মুখী সংঘর্ষ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা ঘিরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের রক্তক্ষয়ী ও চতুর্মুখী সংঘর্ষ শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং মহাসড়কের উভয় পাশে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ করেই চৌদ্দগ্রাম অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এর পরপরই নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিহত করতে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পুলিশের সঙ্গে একাত্ম হয়ে মাঠে নামলে পরিস্থিতি দ্রুত চতুর্মুখী সংঘর্ষে রূপ নেয়।

রাত সোয়া ১২টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মহাসড়কজুড়ে থেমে থেমে তীব্র পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দফায় দফায় টিয়ার শেল (কাঁদানে গ্যাস) নিক্ষেপ করছে। তবে টিয়ার শেল ও ধাওয়ার মুখেও মহাসড়ক ছেড়ে যেতে নারাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীরা। স্থানীয় বিএনপি ও জামায়াতের একাধিক দায়িত্বশীল নেতা সংঘর্ষে তাদের নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষের কারণে গত দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের উভয় লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দুই প্রান্তে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গভীর রাতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স আটকা পড়ায় চরম আতঙ্ক ও ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও চালক।

উদ্ভূত পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চৌদ্দগ্রাম থানা-পুলিশ এবং মিয়াবাজার হাইওয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ব্যস্ততার কারণে তাঁরা ফোন রিসিভ করেননি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।