জয়নাল আবেদীনঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলে তীব্র হট্টগোল ও মারপিটের ঘটনায় রংপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়ে গেছে। এ সময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ নিয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের দুটি পক্ষ একে অপরের মুখোমুখি অবস্থানে থাকায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্মেলনস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
অনুষ্ঠানের মঞ্চে পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সভাপতি রাম জীবন কুন্ডু এবং মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়কে দেখে উপস্থিত কয়েকজন হিন্দু ধর্মীয় নেতা তীব্র প্রতিবাদ জানান। তাদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান দেওয়া শুরু হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও মারপিট বেঁধে যায়। একপর্যায়ে প্রধান অতিথি সামসুজ্জামান সামু এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে উত্তেজিত কর্মীদের হাতে তিনিও লাঞ্ছিত হন। খবর পেয়ে স্টেডিয়ামের নিচে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সম্মেলন পণ্ড হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, পূজা উদযাপন পরিষদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এখানে বিভিন্ন মতাদর্শের মানুষ থাকতে পারেন। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে; কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে কেন আমাদের সম্মেলন পণ্ড করবে?
তিনি সরাসরি অভিযোগ তুলে বলেন, আমাদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা ডা. নিখিলেন্দ্র শংকর গুহ, সুনীল ও বিপ্লব কুমার। তাদের সহযোগিতা করেছেন রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন ও জহির আলম নয়নসহ অন্যরা। এমনকি বিএনপি নেতা সামু সাহেব তাদের থামানোর চেষ্টা করলেও কেউ কর্ণপাত করেনি। মূলত ডা. নিখিলেন্দ্র শংকর নিজেই সভাপতি হতে চেয়েছিলেন; কিন্তু অন্য সংগঠনের কোনো নেতা রাতারাতি এ পরিষদের শীর্ষ পদে আসতে পারেন না। এ সময় তিনি পর্যাপ্ত নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন।
অন্যদিকে, লাঞ্ছিত হওয়ার বিষয়ে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, কারা এই হামলা চালিয়েছে তা আপনারা সকলেই জানেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিকেলে ইনডোর স্টেডিয়ামেই পাল্টা সংবাদ সম্মেলন করেন ডা. নিখিলেন্দ্র শংকর গুহ। তিনি দাবি করেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের পদধারী ও অর্থদাতারা পূজা উদযাপন পরিষদের শীর্ষ পদ দখল করে রেখেছেন। গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ায় জেলা সভাপতি রাম জীবন কুন্ডুর নামে মামলা রয়েছে এবং মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত কুমার রায় মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এসব নেতাকে নিয়ে নতুন কমিটি গঠনের চেষ্টা করায় সাধারণ সনাতনীরা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানিয়েছেন, যার জেরেই হট্টগোলের সৃষ্টি হয়।
এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন ও সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে এবং গত দুর্গাপূজায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতারা কমিটিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছেন। হট্টগোলের খবর শুনে আমরা পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলাম। আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করে তাদের মাধ্যমে বিভিন্ন মন্দিরে হামলা ও দেশজুড়ে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহা. মাহবুবুর রশীদ জানান, সম্মেলন আয়োজনের বিষয়টি আয়োজকদের পক্ষ থেকে পুলিশকে লিখিতভাবে জানানো হয়নি। তবুও নিরাপত্তার স্বার্থে সেখানে পুলিশ মোতায়েন ছিল। হট্টগোলের সংবাদ পাওয়ার পরপরই অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

